২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ১২ স্থানে ১৪৪ ধারা জারি

নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সিরাজগঞ্জের ১২টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 10:10 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

স্থানগুলো হচ্ছে- জেলা শহরের মুক্তির সোপান, স্বাধীনতা স্কয়ার, কাজিপুর মোড়, বড় বাজার ও কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা, সদরের কড্ডার মোড় ও চন্ডিদাসগাঁতী বাজার, তাড়াশ উপজেলা সদরের বাজার এলাকা, নওগাঁ মাজার, মহিষলুটি এবং রায়গঞ্জ পৌরসভা ও হাটিকুমরুল গোলচত্বর।

সিরাজগঞ্জ শহর ও সদরে বৃহস্পতিবার রাত ৮টা থেকে এবং বাকি জাযগাগুলোতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুল ইসলাম।

তিনি জানান, পৃথক আদেশে এসব স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসব স্থানে সভা-সমাবেশ-মিছিল জনসমাগম নিষিদ্ধ করার কথা মাইকে প্রচার করা হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর পরপরই সিরাজগঞ্জের চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় পুলিশ-র‌্যাবের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীরা  সংঘর্ষে জড়িয়ে পড়লে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হন।

বেলকুচিতে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালাউদ্দিন, তাড়াশ ও রায়গঞ্জের (ভারপ্রাপ্ত) ইউএনও রবিউল ইসলাম ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে  বেলকুচি উপজেলায় ১৪৪ ধারা জারির আধাঘণ্টা পরেই তা প্রত্যাহার করে নেয়া হয় বলে জানান সেখানকার ইউএনও খন্দকার ফরহাদ হোসেন।