২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে: আইনমন্ত্রী

মনবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 11:15 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

Image
File Photo

File Photo

বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাঈদীর রায়ের প্রতিক্রিয়ায় শফিক আহমেদ একথা বলেন।

তিনি বলেন, ‘চার দশক পরে এ রায় হলেও এর মাধ্যমে আইনের শাসনের প্রতিষ্ঠা এবং জাতি কলঙ্কমুক্ত হয়েছে।”

আইনমন্ত্রী বলেন, দীর্ঘ শুনানির পর দুই পক্ষের আইনগত সমান সুবিধা দিয়ে এ রায় ঘোষণা করা হয়েছে। বিচারের মানদণ্ড নিয়ে যারা প্রশ্ন উত্থাপন করেছেন তা মিথ্যা প্রমাণিত হয়েছেন।

“বিচার নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। সাজাপ্রাপ্ত আসামিরও আপিল করার সুযোগ রয়েছে।”

যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে মাফ করার সংস্কুতি থেকে জাতি বেরিয়ে আসতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন রায়ে কোনো প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে শফিক আহমেদ বলেন, “বিচারকরা অভিজ্ঞ ও দক্ষ। পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করেই তারা রায় দিয়েছেন। এখানে আন্দোলনের কোনো প্রভাব নেই। শাহবাগের আন্দোলনকারীরাও বলেছেন ট্রাইব্যুনালকে প্রভাবিত করার জন্য তারা আন্দোলন করছে না।”

আইন প্রতিমন্ত্রী কামরুল ইমলাম বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে- পাপ বাপকেও ছাড়ে না।

রায়ের পর জামায়াতে ইসলামী ও বিএনপি সহিংসতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, “প্রজন্ম চত্বরে স্যাবোটাজ হতে পারে। রায় নিয়ে আনন্দ প্রকাশ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। জয় বাংলা শ্লোগান দিয়েও জামায়াত-শিবির আক্রমণ চালাতে পারে।”

তবে আইন-‍শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।