সিলেটে পুলিশের ওপর হামলা, ভাঙচুর
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সিলেটে পুলিশের ওপর হামলা ও কয়েকটি স্থানে ভাংচুর চালিয়েছে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। এতে তিন পুলিশ আহত হয়েছেন।
সিলেট ম্যাপ
এছাড়া নগরীর শিবগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ আহত হয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার এজাজ আহমদ জানান, রায় ঘোষণার পর কয়েকটি স্থানে ঝটিকা হামলা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। রায় ঘোষণার পরপরই বেলা আড়াইটার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় ছাত্রলীগের কার্যালয় ভাংচুর করে। এ সময় তারা ওই এলাকায় সাউথ ইস্ট ব্যাংক ও ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথ ভাংচুর করে।
এরপরই পাঠানটুলা এলাকায় সরকার দলীয় এক সাংসদের মালিকানাধীন একটি স্কুলে হামলা চালিয়ে ভাংচুর করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বিয়ানীবাজার পৌর শহরের ব্যাংক এশিয়া ও পুবালী ব্যাংকেও ভাংচুর চালায় তারা।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
যেকোন ধরনের নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাবের পাশাপাশি শহরে বিজিবি মোতায়েন আছে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর দেশের বিভিন্নস্থানে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর শুরু করেছে জামায়াত শিবিরের কর্মীরা।
