২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কলঙ্কমুক্তির ক্ষণে রাস্তায় নেমে আসুন’

মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে দেশবাসীকে রাজপথে নেমে আনন্দ-উল্লাসের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 08:23 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে শাহবাগের প্রজন্ম চত্বরে সমবেত কয়েক হাজার মানুষ। যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করে আসছেন তারা।

এরপর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এক ঘোষণায় বলেন, “এই রায় শহীদদের আত্মত্যাগের প্রতি আমরা উৎসর্গ করলাম। সবাই রাজপথে নেমে জাতির কলঙ্কমুক্তির এই ক্ষণকে উদযাপন করুন।”

মানবতাবিরোধী অপরাধের শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে হত্যা, লুণ্ঠন, নির্যাতনের মতো অপরাধ রয়েছে।