২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়তুল মোকাররমের উত্তর ফটক বন্ধের ঘোষণা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 07:13 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

এজন্য প্রতি শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের পুরানা পল্টনের দিকে উত্তর দিকের প্রধান ফটক বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।

আটটি ধর্মভিত্তিক দল ‘ইমান ও দেশরক্ষা আন্দোলন’ এর ব্যানারে আগামী ৮ মার্চ শুক্রবার বায়তুল মোকাররমের সামনে সমাবেশের ঘোষণা দেয়ার পরদিনই এই ঘোষণা এলো।

বৃহস্পতিবার সকাল ১১টায় ফাউন্ডেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মুসল্লীদের মসজিদের দক্ষিণ, পূর্ব ও পশ্চিম গেট ব্যবহার করার জন্য আহ্বান জানিয়ে বলেন, “গত ২২ ফেব্রুয়ারি বায়তুল মুকাররম মসজিদের জায়নামাজে আগুন দিয়ে, ফটক ভেঙে লেবাসধারী ইসলামের দুশমনরা যে জঘন্য অপরাধ করেছে আমরা তার পুনরাবৃত্তি করতে দেবো না।”

গত শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জাগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়।

“বায়তুল মোকাররম মসজিদের ব্যবসায়ী গ্রুপ, শ্রমিক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারি ও মসজিদের মুসল্লীবৃন্দ বায়তুল মুকাররমে সব ধরনের রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করে মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা সমুন্নত রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ”, যোগ করেন সামীম মোহাম্মদ আফজাল।

দেশের অন্যান্য মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা যাতে বিনষ্ট না হয় সেজন্য ধর্মপ্রাণ মুসল্লীদের সচেতন থাকার জন্যও আহ্বান জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।

বায়তুল মোকাররমে গত ২২ ফেব্রুয়ারির সহিংস ঘটনা মওদুদী দর্শনের অনুসারী জামায়াত শিবির ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন এবং বায়তুল মোকাররম বণিক গ্রুপের নেতারা।

এর আগে গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন কর্মচারি কল্যাণ সমিতি ও মসজিদের বণিক গ্রুপের বৈঠকেও মসজিদকে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করতে না দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।