সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের কাছে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হন আরো দুই জন।
মঙ্গলবার রাতে উপজেলার কালাইরাগ সীমান্তে এ হতাহতের ঘটনা ঘটে বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে।
বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শফিউল আজম বলেন, মঙ্গলবার রাতে ‘সুপারী চুরি’ করতে গিয়ে ভারতে অনুপ্রবেশ করেন মন্তাজ আলী(২৭) ও তার দুই সহযোগী।
এ সময় খাসিয়ারা ‘ছররা’ গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মন্তাজ নিহত হন বলে জানান তিনি।
নিহত মন্তাজ আলী(২৭) উপজেলার নাজিরের গাঁও গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
গুলিবিদ্ধ নাজিরের গাঁও গ্রামেরই হাশিম মিয়া(৩৮) ও জুয়েল আহমদকে(২৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি জানান, বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
