শাহবাগ উগ্রপন্থার বিরুদ্ধে প্রতিবাদ: শিবশঙ্কর
শাহবাগ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ‘উগ্রপন্থার’ বিরুদ্ধে গণতন্ত্রের মৌলিক মূল্যবোধকে তুলে ধরছেন বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা শিবশঙ্কর মেনন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবনের রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে শুরু হয় আন্দোলন। এরই মধ্যে যা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়, দেশের বাইরেও।
যুদ্ধাপরাধীর ফাঁসি ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন স্থানেও বিক্ষোভ-সমাবেশ করছে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদও সম্প্রতি ঢাকা সফরে আন্দোলনকারী তরুণদের প্রতি সমর্থন জানান।
ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন, “যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততা দেখাটা সব সময়ই চমৎকার। তারা তাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। এটা গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা ও গভীর অনুভূতিকে আবার ফিরিয়ে আনবে।”
