গণজাগরণ মিলছে শাপলা চত্বরে
রায়েরবাজার আর মিরপুরের পর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার সরব হয়ে উঠবে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল।
বুধবার বিকেল ৩টায় মতিঝিলের শাপলা চত্বরে পূর্বঘোষণা অনুযায়ী গণজাগরণ মঞ্চের সমাবেশ হবে, যা হবে শাহবাগের বাইরে এ ধরনের তৃতীয় কর্মসূচি।
প্রজন্ম চত্বরের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহবাগ থেকে কোনো মিছিল নিয়ে মতিঝিলে যাওয়ার ঘোষণা নেই। তবে এখানকার সব আন্দোলনকরীরা মতিঝিলের সমাবেশে যোগ দিবেন।
এদিকে গণজাগরণের ২৩তম দিনেও আন্দোলন চলছে শাহবাগের প্রজন্ম চত্বরে। অন্য দিনের তুলনায় লোকসমাগম কিছুটা কম হলেও ভোরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর থেকেই শ্লোগানে মুখরিত রয়েছে শাহবাগ।
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জাতীয় জাদুঘরের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীও প্রজন্ম চত্বরে এসে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।
এদিকে জাদুঘরের ঠিক সামনে মিডিয়া সেলে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির সঙ্গে সংহতি প্রকাশ করে গণস্বাক্ষর কর্মসূচি চলছে।
মিডিয়া সেলের কর্মী আতিক মাহমুদ রোমেল জানান, সারা দেশে যে গণস্বাক্ষর চলছে তার হিসাব এখনো আমাদের কাছে পৌঁছায়নি। তবে শুধু শাহবাগের বুথ থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেড় লাখের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছে।
সোমবার বিকেলে মিরপুরের ১০ নম্বর গোল চত্বরে প্রজন্ম চত্বরের বাইরে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় সমাবেশ থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী গণজাগরণ মঞ্চকে পাড়া মহল্লায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে নতুন কর্মসূচি আসে।
প্রজন্ম চত্বরের বাইরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে শনিবার প্রথম সমাবেশ করা হয় রায়েরবাজার বধ্যভূমিতে। হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে ওই সমাবেশে উপস্থিত হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শপথ নেন।
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগের এই আন্দোলন শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।
শাহবাগের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকার ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। যার মধ্য দিয়ে কাদের মোল্লার সাজা বাড়াতে আপিলের পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে দল হিসাবে জামায়াতের বিচার করার পথ তৈরি হয়েছে।
