গাজীপুরে আরেকটি পোশাক কারখানা বন্ধ
গাজীপুরের কাশিমপুরে শ্রমিক অসন্তোষের কারণে আরেকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকালে বন্ধ করা হয় সারদাগঞ্জ এলাকার নীটেক্স সোয়েটার কারখানা।
এ নিয়ে গত দু’দিনে ওই এলাকার পাঁচটি পোশাক কারখানা বন্ধ করা হল। সোমবার কাশিমপুরের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় হয়।
স্থানীয়দের বরাত দিয়ে শিল্প পুলিশের পরিদর্শক সেলিম খান বলেন, স্থায়ী উত্পাদন মজুরি ঘোষণার দাবিতে মঙ্গলবার সকালে শ্রমিকরা কর্ম বিরতি ও বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করলেও কোনোভাবেই সমঝেতা না হওয়ায় বিকালে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, টানা শ্রমিক অসন্তোষের পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, একইদিন দক্ষিণ জরুন এলাকার রেবেক্স সোয়েটারের শ্রমিকরাও একই দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করলে ভাঙচুরের আশঙ্কায় দুপুরের পর মঙ্গলবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
