‘বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার’
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিচার চাইতে গিয়ে সাবেক ইউপি সদস্যের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক গৃহবধূ।
এ ঘটনায় মঙ্গলবার কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাপাসিয়া থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার ওই গৃহবধূকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এখনো প্রতিবেদন হাতে আসেনি।
আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
মামলা নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার আড়াল গ্রামের ওই গৃহবধূ (৩০) তার স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দিতে যান সনমানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মাইনউদ্দিনের কাছে।
মাইনউদ্দিন অভিযোগ শোনার কথা বলে কৌশলে স্থানীয় আড়াল বাজারে নিজের দোকানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর একথা কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেন।
কিন্তু পরে তিনি বিষয়টি স্বামীর কাছে বলে দেন।
গৃহবধূর স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মধ্যে মাঝেমাঝে পারিবারিক নানা বিষয়ে ঝগড়া-বিবাদ হয়। একনি একটি ঘটনা নিয়ে তার স্ত্রী মাইনউদ্দিনের কাছে বিচার চাইতে গেলে ধর্ষণের শিকার হন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, “আমি ঘটনা শুনেছি। ঘটনার বিষয়ে মেম্বার মাইনউদ্দিন আপস করে দেয়ার জন্য আমাকে বলেন। কিন্তু, এ বিষয়ে কোনো আপস করা যায় না। আইনগতভাবে যা হয়, তাই করা উচিত।”
