জামাতিরা বিভ্রান্তি ছড়াচ্ছে: ইমরান
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে ধর্মকে জড়িয়ে জামায়াতে ইসলামী বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পর শাহবাগে প্রজন্ম চত্বরে ফিরে হাজারো জনতার উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জামায়াতের অপপ্রচারের জবাব দিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামার আহ্বানও জানান ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে তরুণদের এই আন্দোলন গণজাগরণে রূপ নেয়ার পর এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু হয়।
এই আন্দোলনকারীরা ধর্ম অবমাননা করছে দাবি তুলে তাদের বিরুদ্ধে কর্মসূচিও দেয়া হয়। তবে তাতে জামায়াতের ইন্ধন রয়েছে বলে গণজাগরণ মঞ্চের দাবি।
স্মারকলিপি হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
যুদ্ধাপরাধের বিচার বানচালে আন্দোলনকারীদের বিরুদ্ধে ধর্মবিরোধী হিসেবে চিহ্নিত করার সেই পুরনো প্রয়াস চালানো হচ্ছে, বলেন তিনি।
ইমরান বলেন, “৫২ তে উর্দুকে প্রতিষ্ঠিত করতে বাংলাকে যেমন হিন্দুদের ভাষা বলা হয়েছিল, ৭১ এ মুক্তিযুদ্ধকে যেমন ইসলামবিরোধী বলা হয়েছিল। একই ভাবে আমাদের অবস্থানকেও বিতর্কিত করা হচ্ছে।”
কয়েকটি ইসলামী দল গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিরোধিতা করলেও ইসলামী দলগুলোর মধ্য থেকে এই আন্দোলনে সংহতিও জানানো হয়েছে।
ইমরান বলেন, “মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত-শিবির এ আন্দোলনকে ইসলামবিরোধী বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা কিছু ব্লগারের ব্যক্তিগত কমিউনিটি ব্লগে লেখাকে এ কাজে ব্যবহার করছে।
“আমি বলতে চাই, কোন ধর্মীয় অবমাননার সাখে প্রজন্ম চত্বরের কোনো সম্পর্ক নেই।”
মহানবী (স.) এর অবমাননারও নিন্দা জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর জন্য দৈনিক আমার দেশকে সরাসরি দায়ী করে এই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিককে যুদ্ধাপরাধী এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নেয়ারও আহ্বান জানিয়ে ইমরান বলেন, এই লড়াইয়ে জিততে হলে সবাইকে সক্রিয় হতে হবে।
শুরু থেকে শাহবাগে প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন চললেও গত সপ্তাহ ধরে এর বাইরেও গণজাগরণ মঞ্চের সমাবেশ হচ্ছে।
রায়েরবাজার ও মিরপুরের পর বুধবার ঢাকার মতিঝিলে সমাবেশ হবে।
শাহবাগের প্রেরণায় ঢাকার বাইরেও গণজাগরণ মঞ্চের আন্দোলন চলছে। গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের জেলায় জেলায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।
