সোনারগাঁওয়ে নিখোঁজের ৮ দিন পর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মঙ্গলেরগাঁও গ্রাম থেকে সোয়েবের (৫) জবাই করা লাশ উদ্ধার করা হয়।
এরপর নিহতের স্বজনেরা অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন ব্যক্তির নয়টি ঘরে আগুন এবং ১০/১২টি বাড়িঘর ভাংচুর করেছে।
সোয়েবের বাবা মাসুদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, গত ১৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সোয়েবকে পাখি দেখানোর কথা বলে একই এলাকার নাসির ডেকে নিয়ে যায়। এরপর থেকে সোয়েব নিখোঁজ থাকে।
এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি সোনারগাঁও থানায় অভিযোগ দিলে দুইজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার সকালে মঙ্গলেরগাঁওর পাশে শম্ভুপুরা গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির পাশের একটি ডোবায় পচা গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই ডোবা থেকে সোয়েবের গলাকাটা লাশটি উদ্ধার করে।
