মুক্তিযোদ্ধা গণকর্মচারিদের অবসরের বয়স ৬০ করে বিল পাস
মুক্তিযোদ্ধা সরকারি গনকর্মচারিদের অবসরের সময়সীমা বাড়াতে গত বছর জারি করা অধ্যাদেশটি আইনে পরিণত করতে সংসদে একটি বিল পাস হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ পাসের জন্য উত্থাপন করেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
পরে স্পিকার আবদুল হামিদ বিলটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ১৯৭৪ সালের পাবলিক সার্ভেন্টস(রিটায়ারমেন্ট) আইন অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োজিত মুক্তিযোদ্ধা গণ কর্মচারীরা ৫৯ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
গত বছরের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কর্মচারিদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ বছর করতে অধ্যাদেশ ‘পাবলিক সার্ভেন্টস (রিটায়ারমেন্ট) (সেকন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০১২’ জারি করা হয়।
অধ্যাদেশটি আইনে পরিণত করতে বিলটি উত্থাপন করা হয়।
গত রোববার বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
রাষ্ট্রপতির সহায়তা তহবিলের পরিমাণ বাড়াতে বিল পাস
অস্বচ্ছলদের আর্থিক সহায়তার জন্য রাষ্ট্রপতির বিশেষ মঞ্জুরি হিসেবে প্রতি বছর দুই কোটি টাকা বরাদ্দের বিধান রেখে প্রেসিডেন্টস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৩ সংসদে পাস হয়েছে।
আগে এক কোটি টাকা মঞ্জুরির বিধান ছিল।
মংলবার সংশোধিত ‘প্রেসিডেন্টস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৩’ পাসের জন্য উপস্থাপন করেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেন, জটিল ও দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত অস্বচ্ছল রোগীদের সুচিকিৎসা, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, কন্যাদায়গ্রস্ত অভিভাবক ও বিধবাদের সন্তান-সন্ততির বিয়ে এবং অনুন্নত এলাকায় স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা স্থাপন ও উন্নয়নমূলক জনহিতকর কার্যক্রমে প্রতি বছর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান রাষ্ট্রপতির কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করে থাকে। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সেবার ব্যয় বাড়াতে ১৯৭৫ সালের ‘দ্য প্রেসিডেন্টস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজ)অ্যাক্ট’ সংশোধনের জন্য এ বিল উপস্থাপন করা হলো।
