২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদী হামলার প্রতিবাদ সাংবাদিকদের

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা হয়।

ওইদিন জুমার নামাজের পর ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে মিছিল থেকে সাংবাদিক ও পুলিশের হামলা, শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ ভাংচুর-অগ্নিসংযোগ এবং জাতীয় পতাকা পদদলিত করা হয়।

গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও পুলিশের দাবি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা এসব হামলা করেছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ:

খুলনা: বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদ সমাবেশ হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপারসন লিয়াকত আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবীর রায় প্রমুখ।

বক্তারা হামালাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। 

এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাজশাহী: দুপুরে নগরীর সাহেববাজার এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। এর আগে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাতের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন স্থানীয় পত্রিকা মালিক ইউনিটির পক্ষে ইউনুস আলী, টিভি জার্নালিস্ট ইউনিটির আহবায়াক শ ম সাজু, সদস্য সচিব বদরুল হাসান লিটন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সময় টিভির স্টাফ রিপোর্টার সালাউদ্দিন সুমন, সমকাল ব্যুরো প্রধান শিবলী নোমান, অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শরীফ সুমন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইকবাল প্রমুখ।

বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং উগ্র মৌলবাদী চক্রকে প্রতিহতের জন্য জনগণের প্রতি আহবান জানান।

সিরাজগঞ্জ: সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছেন সাংবাদিকরা।

প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন বাবু প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাতক্ষীরা: বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে শহরের নিউ মার্কেট চত্বরে মানববন্ধনে সাংবাদিকরা মৌলবাদীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি সুভাষ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলি সুজন প্রমুখ বক্তব্য দেন। 

জয়পুরহাট: দুপুরে জেলা শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।

দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা সাংবাদিকদের উপর জামায়াত-শিবিরের হামলার তীব্র নিন্দা জানান। তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান।

অন্যান্যের মধ্যে দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের আহবায়ক আবুল কালাম আজাদ, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামালউদ্দিন বাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

বরগুনা: সকালে বরগুনা প্রেসক্লাব ও লোকবেতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

প্রেসক্লাবের সভাপতি ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আলিম হিমু, বিটিভির বরগুনা প্রতিনিধি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, প্রেসক্লাবের সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, লোকবেতারের স্বেচ্ছাসেবক নিশাত জাহান প্রমুখ।

মুন্সীগঞ্জ: বিকালেিএকটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অঙ্কুরিত যুদ্ধ’৭১ ভাস্কার্যের সামনে শেষ হয়। পরে একটি বিক্ষোভ সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামান আনিছ, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি জামাল হোসেন, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ. কাদের মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ।