২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির দাবিতে লাখো মানুষের সই

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে সই করেছেন দেড় লাখেরও বেশি মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

গত তিন দিনে শাহবাগের গণজাগরণ মঞ্চে এসে এই গণস্বাক্ষর কর্মসূচিতে নিজেদের সমর্থনের কথা জানিয়ে গেছেন তারা।

গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের কর্মী আতিক মাহমুদ রোমেল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দেশে যে গণস্বাক্ষর চলছে তার হিসাব এখনো আমাদের কাছে পৌঁছায়নি। তবে শুধু শাহবাগের বুথ থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত দেড় লাখের বেশি স্বাক্ষর সংগৃহীত হয়েছে।”

গত ২২ ফেব্রুয়ারি থেকে এই স্বাক্ষর সংগ্রহ শুরু হয়।

এ আন্দোলনের সংগঠক ও ব্লগার্স অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের কর্মী রোমেল বলেন, আগামী ৫ মার্চের মধ্যে দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে সংগৃহীত স্বাক্ষর সম্বলিত কাগজ ঢাকায় পৌঁছাবে। ৭ মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলার কথা রয়েছে। এরপর এসব স্বাক্ষর সংযুক্ত করে সরকারের কাছে একটি স্মারকলিপি দেয়ার প্ররিকল্পনা রয়েছে।

অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শাহবাগের কার্যক্রম। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে টানা ২২ দিন চলছে এই বিক্ষোভ।

বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন জাতীয় জাদুঘরের সামনের সড়কে। সকালে জনসমাগম কিছুটা কম থাকলেও সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে। বিক্ষোভে যোগ দিতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীও শাহবাগে এসে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন।

তীব্র রোদ আর গরমের মধ্যেও চলছে স্লোগান, ‘রাজাকারের আস্তানা/ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা’, ‘জামায়াতে ইসলাম/মেড ইন পাকিস্তান’।

বিকালে বিক্ষোভ-মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি রয়েছে জাগরণ মঞ্চের। ধর্মীয় উস্কানি দিয়ে উন্মাদনা সৃষ্টির অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিকাল ৪টায় মন্ত্রীকে স্মারকলিপি দেবেন তারা।

এর আগে গত সোমবার প্রজন্ম চত্বরের বাইরে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় সমাবেশ হয় মিরপুরে, যেখানে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার নাম হয়েছিল ‘কসাই কাদের’।

সমাবেশে শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা হাত তুলে যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ নেন।

প্রজন্ম চত্বরের বাইরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে শনিবার প্রথম সমাবেশ করা হয় রায়েরবাজার বধ্যভূমিতে। বুধবার আরেকটি সমাবেশ হবে রাজধানীর বাণিজ্যকেন্দ্র মতিঝিলে।

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগের এই আন্দোলন শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।

শাহবাগের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকার ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। যার মধ্য দিয়ে কাদের মোল্লার সাজা বাড়াতে আপিলের পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে দল হিসাবে জামায়াতের বিচার করার পথ তৈরি হয়েছে।