পদ্মায় ‘সাহস যোগাচ্ছে’ প্রবাসী আয়
প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত বিদেশি মুদ্রাই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরুর সাহস যোগাচ্ছে সরকারকে।
কর্মকর্তারা বলেছেন, সেতু নির্মাণের জন্য যে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার প্রয়োজন, তা এই অ্যকাউন্টে জমা থাকবে। সরকার প্রয়োজন অনুযায়ী এ হিসাব থেকে ডলার নিয়ে খরচ করবে।
এদিকে প্রবাসী আয়ের ওপর ভর করে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ১৩ দশমিক ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) দ্বিতীয় কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার যোগ হলে চলতি মাসেই রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা আশা করছেন।
গত বুধবার ইসিএফের দ্বিতীয় কিস্তির এই অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদন পায়। মঙ্গলবারই তা রিজার্ভে যোগ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই রিজার্ভ এই সন্তোষজনক অবস্থায় পৌঁছেছে। আর রিজার্ভ ভাল অবস্থায় থাকায় সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের সাহস পাচ্ছে।”
তিনি বলেন, “পদ্মা সেতু নির্মাণের জন্য যে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার প্রয়োজন হবে সরকার দরকার মনে করলে রিজার্ভ থেকে স্থানীয় মুদ্রায় (টাকা) তা কিনে নিয়ে এফসি অ্যাকাউন্টে রাখতে পারবে।
“এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সরকার ইচ্ছে করলেই রিজার্ভ থেকে ডলার নিতে পারবে না। টাকা দিয়ে কিনতে হবে। সরকারের হাতে যদি ডলার কেনার মতো প্রয়োজনীয় টাকা না থাকে, তাহলে ব্যাংক ব্যবস্থা থেকে টাকা ধার নিয়ে ডলার কিনতে হবে।”
ছাইদুর রহমান জানান, পদ্মা সেতু নির্মাণে বিদেশি মুদ্রা সংগ্রহের জন্য ৫০ কোটি ডলারের সভরেইন বন্ড ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা ছাড়াও বিদেশি যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই বন্ড কিনতে পারবে।
“সভরেইন বন্ড বিক্রি করে যে বিদেশি মুদ্রা পাওয়া যাবে- তাও এফসি অ্যাকাউন্টে জমা হবে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪২০ কোটি (১৪ দশমিক ২ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি।
দেশের ইতিহাসে এক বছরে এই পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি।
গত বছরের মতো চলতি বছরের শুরুতেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। জানুয়ারি মাসে ১৩৩ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে। আর চলতি ফেব্রুয়ারি মাসের ২২ দিনে এসেছে ৮৭ কোটি ডলার।
সবমিলিয়ে চলতি অর্থবছরের আট মাসে (২০১২ সালের পহেলা জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি) ৯৬০ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে।
ছাইদুর রহমান বলেন, “গত দুই বছর ধরে প্রতি মাসে প্রবাসীরা ১০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। তাদের পাঠানো এই অর্থই দেশের অর্থনীতির ভীতকে মজবুত রেখেছে। এখন সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের যে ঘোষণা দিয়েছে তাতেও তাদের অবদান হবে সবচেয়ে বেশি।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও একই কথা বলছেন।
রোববার ওয়াশিংটন সফরে যাওয়ার আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ উৎপাদনশীল খাতে আনতে সরকার বেশ কিছুদিন ধরেই বিভিন্ন উদ্যোগের কথা ভাবছিল।
“এখন সুযোগ এসেছে তাদের কষ্টার্জিত অর্থ আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে বিনিয়োগ করার। আমরা পদ্মা সেতুর সঙ্গে প্রবাসীদের নাম স্মরণীয় করে রাখতে চাই।”
মুহিত বলেন, “আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। এই রিজার্ভ থেকে তিন বছরে ১ দশমিক ৮ বিলিয়র ডলার নিয়ে পদ্মা সেতু নির্মাণ করলে কোনো সমস্যা হবে না।”
২০১০ সালের অগাস্টে বাংলাদেশ ভারতের সঙ্গে একশ’ কোটি ডলারের যে ঋণচুক্তি করে, তার মধ্যে অনুদান হিসেবে দেয়া হয় ২০ কোটি ডলার।
অর্থমন্ত্রী আগেই জানিয়েছেন, ভারতের অনুদানের এই অর্থ পদ্মা সেতু নির্মাণে ব্যয় করা হবে। এই ২০ কোটি ডলারের প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ইতোমধ্যে এফসি অ্যাকাউন্টে যোগ হয়েছে।
পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে গত ৩১ জানুয়ারি এ প্রকল্পের প্রধান ঋণদাতা বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার সিদ্ধান্ত জানায় সরকার। ২৯১ কোটি ডলারের এ প্রকল্পে ১২০ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করেছিল।
