গাজীপুরে বেক্সিমকোর কারখানায় আগুন
গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগে কাপড় ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
মঙ্গলবার ভোরে খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের ইপিজেড এর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি গুদামে আগুন লাগার পর তা পাশে কারখানার লুম সেকশনে ছড়িয়ে পড়ে। এতে গুদামে থাকা কাপড় ও লুম সেকশনের কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।
তিনি জানান, সাভার ইপিজেডের ৩টি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
কারখানার কর্মকর্তা খালিদ শাহরিয়ারও জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষনিকভাবে নির্ণয় করা যায়নি।
