রাজধানীতে জামায়াতের মিছিল ছত্রভঙ্গ
রাজধানীর মতিঝিল ও শ্যামলীতে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক জামায়াত-শিবিরকর্মী মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল বের করে ইত্তেফাক মোড় পযর্ন্ত এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ হয়।
পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করলে মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুরও হয়।
ওয়ারি পুলিশের উপ কমিশনার মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে জামায়াত-শিবির কর্মীরা টিকাটুলির ইত্তেফাক মোড় থেকে একটি মিছিল বের করে। পুলিশ বাধা দিলে মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে মোজাম্মেল হোসেন জানান।
এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শ্যামলী শিশু মেলার সামনে জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের।
শেরে বাংলানগর থানার ওসি আবদুল মোমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন জামায়াত-শিবিরকর্মী জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছাত্রভঙ্গ করে দেয়।
কোন ফাঁকা গুলি করতে ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়নি বলে ওসি জানান।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
