২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি আখ্যা দিয়ে আন্দোলন থামানো যাবে না’

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে দমানোর ‘অপচেষ্টা’ সরকার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার সকালে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গণতন্ত্রের নামে দেশে বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা হচ্ছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, সমালোচনা করবে, তারাই নির্যাতন ও ক্ষমতাসীনদের রোষানলে পড়ছে।”

“নির্দলীয় সরকারের দাবিকে ধামাচাপা দিতে সরকার আন্দোলনকারীদেরকে জঙ্গি ও অন্য দেশের দালাল বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, যত ফন্দি-ফিকির সরকার করুক না কেনো, নির্দলীয় সরকারের দাবি কোনোভাবে পাশ কাটানো যাবে না।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ঐতিহ্য ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিক সাহাদাত হোসেন খান এর ‘মোগল সাম্রাজ্যের সোনালী অধ্যায়’প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে এই আলোচনা হয়।

মানিকগঞ্জে জনতার উপর পুলিশের গুলিবর্ষণের সমালোচনা করে মোশাররফ বলেন, “কতিপয় ব্লগার ইন্টারনেটে ব্লগে আল্লাহ ও তার রসুল (সা.) সম্পর্কে কুৎসা রটনা করে দেশের সংখ্যাগরিষ্ট মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে মিছিল করতে চেয়েছিল। তাদের সেই প্রতিবাদটুকুও করতে দেয়া হয়নি। উল্টো সরকারের পুলিশ বাহিনী মসুল্লিদের উপর গুলি-টিয়ার গ্যাস ছুড়েছে।”

“প্রধানমন্ত্রী বলেছেন, ইসলাম ও রসুলসহ কোনো ধর্মের বিরুদ্ধে কটাক্ষ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমাদের প্রশ্ন, যেসব ব্লগার রসুল (সা.) বিরুদ্ধে কটাক্ষ করেছে, তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে, তা জনগনকে জানাতে হবে।”

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ওই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সেই কালো দিবস। বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের বিচার আজো শুরু হয়নি। ওই হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে সরকার কেবল বিদ্রোহের বিচার করছে।”

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক এরশাদ মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, লেখক সাহাদাত হোসেন খান, সাংবাদিক মহিউদ্দিন খান মোহন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি থেকে মানিকগঞ্জে পুলিশের গুলিবর্ষণের নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, যারা ইসলাম ও রসুলের বিরুদ্ধে কটাক্ষ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অথচ মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশ সাধারণ গ্রামবাসী ও মসুল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে।”

অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে ‘বিডিআর ট্র্যাজেডি: অরক্ষিত বাংলাদেশ, আমাদের করণীয়’ শীর্ষক এই অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, বিএনপির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।