২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পেরিয়ে ভারতে গেল ‘কার র‌্যালি’

সিলেট সীমান্ত দিয়ে ভারত প্রবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ভ্রমণ শেষ করেছে বিসিআইএম আয়োজিত ‘কার র‌্যালি’।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার সকাল ১১টায় সিলেটে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে এই গাড়ি বহর ভারতে প্রবেশ করে বলে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল জানান।

বাংলাদেশ-ভারত-চীন ও মিয়ানমারের মধ্যে সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি তুলে ধরতে এই মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, রোববার রাতে ২০টি গাড়ির বহর ও চার দেশের ৭৬ জন প্রতিনিধিকে নিয়ে সিলেটে পৌঁছায় র‌্যালি। সোমবার সকাল ৯টায় কড়া নিরাপত্তার মধ্যে শোভাযাত্রা রওনা হয় সুতারকান্দি সীমান্তের উদ্দেশ্যে। ওই সীমান্ত দিয়ে ভারতের শিলচর ও আসামের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যায় র‌্যালি।

গত ২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করে এই মোটর বহর। পরে বাংলাদেশ অংশে ৫৪১ কিলোমিটার সড়ক অতিক্রম করে এ বহর সিলেটে পৌঁছায়।

ভারত থেকে মিয়ানমার হয়ে ৫ মার্চ চীনের কুনমিং যাবে এই কার র‌্যালি।

এতে অংশ নেয়া বাংলাদেশি প্রতিনিধি শিশির কান্তি রাউত সাংবাদিকদের জানান, চার দেশে আঞ্চলিক সহায়তা-সম্ভাবনার খাতগুলো চিহ্নিত করা, বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা খুঁজে দেখে তার উন্নয়নই এই শোভাযাত্রার উদ্দেশ্য।