সব জেলায় হবে শিশু আদালত
শিশুর প্রতি ‘নিষ্ঠুরতা’ দেখানোর দায়ে শাস্তি বাড়িয়ে এবং প্রতিটি জেলায় শিশু আদালত স্থাপনের সুযোগ রেখে শিশু আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, প্রস্তাবিত এ আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসাবে উল্লেখ করা হয়েছে, ১৯৭৪ সালের আগের আইনে যা স্পষ্ট ছিল না।
অবশ্য ২০১০ সালের জাতীয় শিশু নীতিতে ১৮ বছরের কম বয়সী সবাইকে শিশু হিসেবে গণ্য করার কথা বলা হয়।
সচিব বলেন, “বাবা-মায়ের শাসন আমাদের সমাজে গ্রহণযোগ্য, তবে তা নিষ্ঠুরতার পর্যায়ে গেলে তারা আইনের আওতায় আসবে।”
শিশুর প্রতি নিষ্ঠুরতা দেখালে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই খসড়ায়।
১৯৭৪ সালের আগের আইনে এ ধরনের অপরাধে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক হাজার টাকা অর্থদণ্ডের বিধান ছিল।
“এ আইনের আওতায় জাতীয় পর্যায়ে জেলা ও উপজেলা পযায়ে শিশু কল্যান বোর্ড গঠন করা হবে। প্রতিটি থানায় একজন পুলিশ কর্মকর্তার অধীনে একটি করে শিশু বিষয়ক ডেস্ক গঠন করা হবে। প্রতি জেলায় হবে একটি করে শিশু আদালত”, বলেন সচিব।
তিনি জানান, কোনো ব্যক্তির অধিনে কোনো শিশু হেফাজেতে থাকলে তাকে আঘাত, বর্জন, পরিত্যাগ, অবহেলা, অরক্ষিত অবস্থায় পরিত্যাগ বা অশালিন আচরণ নিষ্ঠুরতা বলে গণ্য হবে।
শিশুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য বা উৎসাহিত করলে এবং ‘অসৎপথেৎ পরিচালিত করলে সংশিষ্ট ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার জরিমানা করা যাবে।
শিশুর দায়িত্বে থাকা অবস্থায় কেউ নেশাগ্রস্ত হলে তাও অপরাধের পযায়ে পড়বে এবং এক্ষেত্রে এক বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।
শিশুকে দিয়ে মাদক সরবরাহ বা নিষিদ্ধ বস্তু বহনে বাধ্য করলে সংশ্লিস্ট ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়।
শিশুকে বাজি ধরতে উৎসাহিত করা হলে দুই বছর পযন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে।
শিশুর পরিচর্যা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কীভাবে প্রাতিষ্ঠানিক পরিচর্যা দেয়া হবে- সে বিষয়েও আইনের খসড়ায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
রাজনৈতিক সভা বা সমাবেশে শিশুদের ব্যবহার করলে এ আইন অনুযায়ী শাস্তি হবে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “শিশুদের ব্যবহার যদি নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে তাহলে তা অপরাধ হবে। জোর করে শ্রম নেয়া হলে তা শোষণের পযায়ে পড়বে। এ ক্ষেত্রেও অপরাধ হবে।”
