২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন আইন কর্মকর্তাকে নোটিস

দুটি মামলায় দণ্ডিত ইয়াবা ব্যবসায়ীকে জামিনের বিষয় অ্যাটর্নি জেনারেলকে অবহিত না করায় তিন সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

ওই তিন কর্মকর্তা ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আব্দুল হাই, সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান ও জান্নাতুল ফেরদৌসী।

রোববার দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওই তিনজনকে কারণ দর্শানোর নোটিসে স্বাক্ষর করেন।

যার অনুলিপি সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি সাজাপ্রাপ্ত আমিন হুদা (যিনি ইয়াবা সম্রাট নামে পরিচিত) দুটি মামলায় জামিন পান। অপরাধের গুরুত্ব ও সাজার মেয়াদ বিবেচনায় উক্ত জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা প্রয়োজন ছিল। কিন্তু ইতিমধ্যে ওই আসামি বের হয়েও গেছে। বিষয়টি আমি গোয়েন্দা সংস্থার মাধ্যমে অবগত হয়েছি।

“এরূপ গুরুত্বপূর্ণ মামলায় জামিন হওয়ার পরও আমাকে বিষয়টি অবগত না করানোয় প্রতীয়মান হয় যে, তারা দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন।”

৭ দিনের মধ্যে ওই তিন আইন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক সময় হাই কোর্ট থেকে কোনো আসামি জামিন পেলেও দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে আপিল করলে ওই আসামি কারাগার থেকে বেরিয়ে যেতে পারে না। কিন্তু বিষয়টি আমরা জানতে পারি নাই। তাই আসামি বের হয়ে গেছে।

২০০৭ সালের ২৫ অক্টোবর গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির কাঁচামাল ও রাসয়নিক, যন্ত্রপাতি এবং ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

ওই অভিযানেই ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে এবং এম বি মাল্টিকেয়ার টেকনোলজি লিমিটেডের শীর্ষ কর্মকর্তা আমিন হুদা ও তার কর্মচারী আহসানুলকে গ্রেপ্তার করা হয়।

পরে ২৬ অক্টোবরে তাদের বিরুদ্ধে গুলশান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে এ দুটি মামলা করা হয়। ওই বছরেরই ২৭ নভেম্বর র‌্যাবের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দুই মামলার একটিতে ২০০৮ সালের ১৬ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি অন্যটিতে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

ঢাকার আদালতে দুই মামলায় রাষ্ট্রপক্ষে ৩৮ জন সাক্ষ্য দেন। আসামিরা এই দুই মামলায় জামিনে থাকলেও গত ১ জুলাই তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।