২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হরতালে সংঘর্ষ: চার মামলা

হরতালে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পাবনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে তিনটি এবং এসআই সমর কুমার বাদী হয়ে একটি মামলা করেন।

এই চার মামলায় ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দুই হাজার জনকে আসামি করা হয়।

এদের মধ্যে নয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, শনিবার পাবনায় জামায়াতের ডাকা আধাবেলা হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।

শুক্রবার জেলা জামায়াত শিবির অফিস, স্থানীয় একটি দৈনিক পত্রিকা অফিস, দুইটি কোচিং সেন্টারসহ জামায়াত সমর্থিত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার পাবনায় আধাবেলা হরতাল ডাকে দলটি।

হরতালের সময় প্রায় ৪/৫ হাজার জামায়াত শিবিরকর্মী পাবনা-ঢাকা মহাসড়কের বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে অবরোধ করে। এ সময় তারা মহাসড়কের মাঝখানে গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ তাদের সরে যেতে বললে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর গুলি বর্ষণ করলে পুলিশ কনস্টেবল মোতাহের উদ্দিন গুলিবিদ্ধসহ ১৯ পুলিশ আহত হয়।

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দেড়শ’ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে পুলিশের উপর হামলাকারী আলাল ও সিরাজুল নিহত হন।