২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু

সিলেটে শুক্রবার জামায়াত-শিবির ও সমমনা ১২টি ইসলামী দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:56 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রোববার বিকাল সোয়া ৫টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নগরীর নয়াসড়ক এলাকার প্রয়াত সাদী মিয়ার ছেলে আব্দুর রহমান সুহিন (৩৫)।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. এহতেশামুল হক দুলাল সুহিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এ নিয়ে শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হল।

ওইদিন জুমার নামাজ শেষে ব্লগে কথিত ধর্ম অবমাননার প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে কয়েক হাজার কর্মী কোর্ট পয়েন্টে সমাবেশ করে।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ২১শে ফেব্রুয়ারিতে শহীদদের উদ্দেশে দেয়া ফুল জ্বালিয়ে দেয়। ভাংচুর করে শহীদ মিনরের সীমানা প্রাচীর।

এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়।

দফায় দফায় সংঘর্ষে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মোস্তফা মোর্শেদ তাহমিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়।