২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে পিটুনি ‘যুবলীগ নেতার’

পত্রিকায় নাম না ছাপানোয় বাগেরহাটে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:23 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

মারধরের শিকার মো. আজাদুল হক বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক। দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এবং খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহের ব্যুরো প্রধান।

তিনি সাংবাদিকদের বলেন, রোববার যুবলীগ নেতা শেখ ইদ্রিস আলী ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন।

শনিবার বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের একটি সংবাদ রোববার দৈনিক প্রবাহে প্রকাশিত হয়। ওই রিপোর্টে মিছিলে অংশগ্রহণকারী হিসেবে ইদ্রিস আলীর নাম না থাকায় তিনি তাকে মারধর করেছেন।

আজাদুল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তিনি শহরের রেলরোডে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় শেখ ইদ্রিস আলী ও তার দুই সহযোগী একটি মোটরসাইকেলে এসে চায়ের দোকানের সামনে থামেন।

ইদ্রিস আলী তাকে কথা আছে বলে ডেকে পাশের জেলা শ্রমিক লীগ কার্যালয়ে নিয়ে যান। অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে ইদ্রিস ও তার তিন চারজন সহযোগী তাকে চড়, কিল, ঘুষি মারতে থাকেন।

এ সময় তারা পত্রিকায় নাম না দেয়ায় তাকে গালাগালও করেন, বলেন আজাদুল।

এক পর্যায়ে জেলা ছাত্রলীগ সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন শ্রমিক লীগ কার্যালয়ে ঢুকে তাকে উদ্ধার করেন।

এদিকে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান বেলা ১১টার দিকে প্রেসক্লাবে এসে আজাদুল হকের উপর হামলাকারী শেখ ইদ্রিস আলীর শাস্তির আশ্বাস দেন।

ইদ্রিস সদ্য বিলুপ্ত বাগেরহাট জেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য এবং মেয়র খান হাবিবুর রহমানের শ্যালক।

এরপর বেলা ১২টার দিকে শেখ ইদ্রিস আলী প্রেসক্লাবে গিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে আজাদুল হককে মারধরের কথা অস্বীকার করে বলেন, “পাওনা টাকা চাওয়া নিয়ে ওই সাংবাদিকের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল। তা মিটে গেছে। আর কোনো লেনদেন নেই।

“সবাই আমাকে মাফ চাইতে বলছে। তাই মাফ চাইতে এসেছি “ বলেন ইদ্রিস।

এ সময় সেখানে উপস্থিত আজাদুল হক বলেন, “আপনার সঙ্গে আমার জীবনে কোনোদিন সামনাসামনি কথাই হয়নি। আপনি মিথ্যে বলছেন।”

বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল বলেন, বাগেরহাটের মেয়র খান হাবিবুর রহমান ব্যক্তিগতভাবে প্রেসক্লাবের সভাপতি এমডি মোজাফফর হোসেনের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তার শ্যালক শেখ ইদ্রিস আলীর অপরাধের বিচারের আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।