২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মপ্রাণ মুসলমানদের রক্ষায় সরকার বদ্ধপরিকর’

ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বলেছেন, মসজিদের পবিত্রতা, ধর্মপ্রাণ মুসলমান ও আলেমদের রক্ষায় সরকার বদ্ধপরিকর এবং এজন্য সরকার যেকোন ব্যবস্থা নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শনিবার বিকালে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার জুমার দিন দেশের বিভিন্ন মসজিদ থেকে ইসলামের নাম ‘ভাঙ্গিয়ে’ জামায়াতসহ কয়েকটি সমমনা দলের ব্যানারে যে তান্ডব চালানো হয়েছে এতে সমগ্র জাতি মর্মাহত ও ক্ষুব্ধ।

বাংলাদেশকে একটি ‘সাম্প্রদায়িক সম্প্রীতির’ দেশ আখ্যায়িত করে তিনি বলেন, “আমাদের পরস্পরের ক্ষুদ্র স্বার্থ ও বিভেদের ফাঁক দিয়ে ইসলামের শত্রুরা যাতে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে ইসলামকে কলংকিত করতে না পারে এ বিষযে দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ জনগণকে সচেতন থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, ইসলাম ইনসাফের ধর্ম। অপরাধীর শাস্তির বিধান না করলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারেনা। মানবতা বিরোধী অপরাধ ও হত্যার শাস্তির বিষয়ে ইসলামে সুস্পষ্ট নিদের্শনা রয়েছে।জামায়াত ইসলামী একটি ‘তথাকথিত’ রাজনৈতিক সংগঠন হলেও এদের দ্বারাই একাত্তরে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল।

ধর্ম প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, “জনগণের ধর্মীয় অনুভূতিকে মযার্দা দেয়ার বিষয়ে আওয়ামী লীগ সরকার যে যথেষ্ট আন্তরিক ও সচেতন তা ইউটিউব বন্ধ করেই প্রমাণ করেছে।

“প্রধানমন্ত্রী ইসলাম ও জনগণের ধর্মানুভুতি লালনের ক্ষেত্রে শ্রদ্ধাশীল। তাই প্রধানমন্ত্রী একাধিকবার ঘোষণা করেছেন তার সরকার কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোন আইন পাস করবে না।”

এ প্রসঙ্গে তিনি এও উল্লেখ করেন, ’৭২ এর সংবিধানে ধর্মের নাম ‘ভাঙ্গিয়ে’ রাজনীতি করার অধিকার না থাকলেও তিনি (প্রধানমন্ত্রী) এক্ষেত্রে অনেক দূরে সরে এসে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করেননি।

শুক্রবারের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে শাহজাহান মিয়া বলেন, “যেখানে পবিত্র মসজিদের [বায়তুল মোকাররম জাতীয় মসজিদ] জায়ানামাজে আগুন ধরানো হয়, ককটেল বিষ্ফোরণ ঘটানো হয় এবং মসজিদ ভাঙ্গা হয়। সে ক্ষয়ক্ষতির পরিমাণতো আমি মুসলমান হিসেবে পরিমাপ করতে পারিনি।”

কয়েকটি চিহ্নিত পত্রিকা ও কয়েকটি সংবাদমাধ্যম দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম-ওলামার নামে ‘মিথ্যা’ বিবৃতি ছাপিয়ে ধর্মপ্রাণ জনগণকে ‘উসকানি’ দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসব পত্রিকায় প্রকাশিত ওই বিবৃতিগুলো যাদের নামে প্রকাশিত হয়েছে তারা লিখিতভাবে দিয়েছেন কিনা তা খতিয়ে দেখার উপরও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, মসজিদ একটি পবিত্র স্থান, ইবাদত বন্দেগীর জায়গা। মসজিদকে যাতে কেউ রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য দেশের আলেম-ওলামাসহ মসজিদের খতিব ও ইমামগণকে সতর্ক থাকারও আহ্বান জানান শাহজাহান মিয়া।