২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ৩ মামলা, বিজিবি মোতায়েন

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের ওপর হামলা ও জাগরণ মঞ্চে ভাঙচুরের অভিযোগে জামায়াত শিবিরের সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হযেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 12:03 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

এদিকে নাশকতা এড়াতে পলাশবাড়ী সদরে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে পুলিশের এসআই কোরবান আলী, এসআই ইসমাইল হোসেন ও এসআই আকতার হোসেন বাদী হয়ে পলাশবাড়ি থানায় এ মামলাগুলো করেন।

মামলায় পলাশবাড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় সাড়ে চার হাজার জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পলাশবাড়ী থানার ওসি আব্দুস সাত্তার বলেন, শুক্রবারের ঘটনায় গুলি ও ককটের বিষ্ফোরণ, ত্রাস সৃষ্টি, গণজাগরণ মঞ্চ, দোকান ও যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং পুলিশের উপর হামলা ঘটনায় পলাশবাড়ি উপজেলা জামায়াতের আমীরসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় সাড়ে ৪ হাজার নেতাকর্মীর বিরু্দ্ধে তিনটি মামলা করা হয়েছে।

এসব মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

শুক্রবার জুম্মার নামাজ শেষে পলাশবাড়ির বিভিন্ন জামে মসজিদ থেকে ওলায়ামা মাসাহেক এর ব্যানারে খণ্ড মিছিল নিয়ে শহরের রংপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে দা কুড়াল খুন্তিসহ দেশি অস্ত্র নিয়ে বিশাল মিছিল বের করে। মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথায় এসে গণজাগরণ মঞ্চ ভাংচুর করে।

এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামলাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল এবং ২০ রাউন্ড গুলি নিক্ষেপ ছোড়ে।

এতে দুইজন নিহত এবং পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়।

পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে শুক্রবার রাতে পলাশবাড়ীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে।