২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ওয়েবসাইট ‘হ্যাকড’

জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওয়েবসাইট হ্যাক করে শাহবাগের নামে উৎসর্গ করেছে একদল হ্যাকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 03:48 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট (www.shibir.org.bd) হ্যাক করে হোম পেইজে ইংরেজিতে লেখা হয়, “দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহাবাগ। মাই ওয়ার ইজ ডিক্লিয়ার এগেইনস্ট ইউ।”

পরে শনিবার বেলা ১২টার দিকে ওয়েবসাইটটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে এর পরিচালনাকারীরা। 

শিবিরের ওয়েবসাইট হ্যাক করার পর হোম পেইজে বসিয়ে দেয়া কালো পৃষ্ঠায় হ্যাকার নিজের পরিচয় দেন  ‘XTOR’। এরপর সবুজ বন্ধনী চিহ্নে লাল হরফে লেখা হয়  ‘প্রাউড টু বি এ বাংলাদেশি’।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনের মধ্যেই এ ওয়েবসাইট হ্যাক করা হলো। আর সারা দেশে এই জাগরণের কেন্দ্রে রয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।  

এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ইতোমধ্যে ইতমোধ্য ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে সরকার, যার মধ্য দিয়ে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য দল হিসাবে জামায়াতে ইসলামীরও বিচারের পথ তৈরি হয়েছে। 

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গত তিন মাস ধরে সারা দেশে সহিংসতা চালিয়ে আসছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা। 

সর্বশেষ শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের নামে দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে হামলা হয়েছে। ভাংচুর করা হয়েছে সিলেট ও ফেনী শহীদ মিনারেও, যার পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে বলে পুলিশ মনে করে।