২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার সন্ধ্যায় ডাকাতরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বগাবাড়ী বাজারে নাহার সুপার মার্কেটের ‘প্রীতি জুয়েলার্সে’ হানা দিয়ে ১৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, রূপাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫০ ভরি স্বর্ণের গহনা লুট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫-২০ জনের ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রীতি জুয়েলার্সে হানা দেয়। তারা দোকানের মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫-২০ মিনিটের মধ্যেই শো কেসের কাঁচ ভেঙ্গে স্বর্ণের গহনা, রূপা ও নগদ অর্থ নিয়ে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।

ডাকাতরা ৮/১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মূহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। খবর পেয়ে পুলিশ ও ‌র‌্যাব এসে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

দোকান মালিকের ছোট ভাই অভিজিৎ ঘোষ সাংবাদিকদের বলেন, ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। তার ভাই শ্যামল ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর দোকানের লকার ও শো কেস ভেঙ্গে ১৫০ ভরি স্বর্ণ নিয়ে যায়।

তিনি আরো জানান, পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাকের্টের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চলছে।

অভিযোগ পেলে আরো কী কী লুট হয়েছে তা জানা যাবে বলেও জানান তিনি।