‘সাংবাদিকদের ওপর হামলা পরিকল্পিত’
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বলেছেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
ব্লগারদের ‘ধর্ম অবমাননাকারী’ আখ্যা দিয়ে তাদের শাস্তি দাবি করে এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারা দেশে জুমার পর বিক্ষোভে নেমে ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাংচুর করা হয় শহীদ মিনার, গণজাগরণ মঞ্চ। আগুন দেয়া হয় জাতীয় পতাকায়।
তবে শুরু থেকেই হামলার লক্ষে ছিলেন সংবাদকর্মীরা। গণজাগরণবিরোধী এই ইসলামী দলগুলোর হামলায় ঢাকায় আহত হন মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল্লাহ তুহিন ও এটিএন বাংলার ক্যামেরাম্যান ইমরান তুহিনসহ বেশ কয়েকজন সাংবাদিক। সাংবাদিকদের ওপর হামলা হয় চট্টগ্রাম ও সিলেটসহ বেশ কয়েকটি জেলায়।
বিবৃতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল বলেন, “এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধ পরিকর।”
তিনি বলেন, “বিভিন্ন স্থানে একযোগে সাংবাদিকদের ওপর এই পরিকল্পিত হামলা প্রমাণ করে যে- এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের ক্যাডাররা এই হামলা চালিয়েছে।”
এর আগে মঙ্গলবার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে বনানীর ঢাকা গেইটের কাছে একটি প্রাইভেটকার মোটরসাইকেল আরোহী সুমন মাহবুবকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই হাত ও পায়ে আঘাত পান তিনি।
জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে একটি অনলাইন জরিপ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে বিভিন্নভাবে হুমকি আসার দুই দিনের মাথায় এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সুমন মাহবুবের ধারণা, বিষয়টি পুরোপুরি পরিকল্পিত।
