কক্সবাজারে ‘জামায়াতের’ হামলায় আহত ৪
কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জামায়াত-শিবিরের কর্মীরা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা ৩টার দিকে এ হামলায় আওয়ামী লীগ নেতাসহ চার জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছয় জনকে আটক করেছে।
আহতরা হলেন পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন ও পথচারী মিন্টু।
মোজাহের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে ইসলাম রক্ষা কমিটির ব্যানারে জামায়াত নেতা মোহাম্মদ আলম মেম্বার ও যুবদল নেতা সলিম উল্লাহর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি কিছু দূরে এগিয়ে তাকে দেখে হামলা চালায় এবং তাকে রক্ষা করতে এসে অন্যান্যরা আহত হন বলে জানান মোজাহের আহমদ।
সাধারণ সম্পাদক রফিক আহমদ বলেন, তাদের উপর হামলার পর মিছিলের থাকা জামায়াত-বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়।
এ সময় পাশ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায় তারা, বলেন তিনি।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়ত নেতা ফরিদুল আলম, আবুল মুছাসহ ছয় জনকে আটক করা হয়েছে।
