২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মের নামে মসজিদ ব্যবহার জামায়াতের’

জামায়াত-শিবির ধর্মের নামে মসজিদ ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন এলাকায় পুলিশের সঙ্গে বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের সংঘর্ষের সময় হামলায় আহত সাংবাদিকদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

জুমার নামাজে পর রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে শাহবাগের গণজাগরণবিরোধীরা। হামলার অন্যতম লক্ষ ছিলেন সংবাদকর্মীরাও।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীরা শুক্রবার সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা ও দোয়ার কর্মসূচি দেয়ার পর ‘ধর্ম অবমাননাকারী’ ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারাদেশে জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।

ইসলামী ১২ দলের কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে ধারণা করছে পুলিশ।

হাসপাতালে শুক্রবার বিকাল পাঁচটার দিকে তিনি সাংবাদিকদের বলেন, “বায়তুল মোকারমমহ সারা দেশে সাংবাদকর্মীদের ওপর জামায়াত-শিবির হামলা চালিয়েছে। এটা গণতন্ত্রের ওপর হামলা।”

মুক্তিযুদ্ধের সময়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “ওই সময়ও জামায়াত-শিবির এমন তাণ্ডব চালিয়েছে। মুলত যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এই তাণ্ডব।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান।

তিনি সাংবাদিকদের বলেন, “শাগবাগের গণজাগরণের খবর টিভিগুলো সরাসরি সম্প্রচার ও অন্যান্য সংবাদ মাধ্যমগুলো ভালভাবে কাভারেজও দেওয়ায় জামায়াত-শিবির তোমাদেরকে (সাংবাদিকদের) হামলার টার্গেট করেছে।”

দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ভেতর থেকে উত্তর গেইটের দিকে রাস্তায় অবস্থান নেয়া পুলিশের দিকে ঢিল ছোড়া হয়। এ সময় মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ তুহিন ও এটিএন বাংলার ক্যামেরাম্যান ইমরান তুহিন ছবি তুলতে তুলতে মসজিদের দিকে এগোলে কয়েকজন তাদের মারধর করে।

সহিংসতা ঠেকাতে পুলিশ শটগানের ছররা গুলি ব্যবহার করে। এ সময় চার সাংবাদিক, দুই পুলিশসহ অন্তত ২৩ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

এদের মধ্যে গাজী টেলিভিশনের প্রতিবেদক মাসুদুর রহমান, দৈনিক সংবাদের প্রতিবেদক সাইফ বাবলু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন নুরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের আলোকচিত্রী সাংবাদিক শেখ মামুন রশীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষ চলাকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আহত হনঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়াও।

হামলা-সংঘর্ষের খবর পাওয়া গেছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকেও। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে হামলা হয়েছে। সিলেটে ভাংচুর করা হয়েছে শহীদ মিনার।