বিরোধের জেরে কুষ্টিয়ায় কৃষক খুন
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে হামলায় এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান (৪৮) ওই গ্রামের মেছের আলীর ছেলে। এ সময় আলালউদ্দিন ও আনছার আলী নামে আরো দু ব্যক্তি আহত হন।
মিরপুর থানার ওসি শিকদার মশিউর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় কলাবাড়িয়া গ্রামের আনছার আলী তার গরু নিয়ে মজিবরের বাড়ির আঙিনা দিয়ে যাচ্ছিল।
পূর্ব বিরোধের জেরে মজিবর এ সময় আনছারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আনছারকে রক্ষায় এগিয়ে আসলে প্রতিবেশী আলালউদ্দিনকেও মারধর করে মজিবর।
পরে আনছার ও আলাউদ্দিনের লোকজন ক্ষিপ্ত হয়ে মজিবরকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
