সিলেটে জনতার রোষে পুড়ল জামায়াতের প্রতিষ্ঠান
সিলেটে শহীদ মিনারে ভাংচুরের পর জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে আগুনও দেয়া হয়।
শুক্রবার জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে কয়েক হাজার কর্মী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাংচুর করে। তারা মাতৃভাষা দিবসে দেয়া ফুলে আগুন দেয়। এ সময় গণজাগরণ মঞ্চেও ভাংচুর চালানো হয়।
শহীদ মিনারে হামলার খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে জানিয়ে নগরীর রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিকাল সাড়ে ৩টার দিকে জামায়াত-শিবিরবিরোধী একটি মিছিল নগরীর জিন্দাবাজর থেকে চৌহাট্টা মাঝামাঝি স্থানে পৌঁছে জামায়াত সংশ্লিষ্ট বিপণীবিতান আল-হামরা শপিং সিটিতে ভাংচুর চালায়। এরপর একে একে রেটিনা কোচিং সেন্টার, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক তালতলা শাখা ও সুরমা টাওয়ারে হামলা চালানো হয়।
এ সময় ইসলামী ব্যাংক কার্যালয় ও উইমেন্স মেডিকেল কলেজের সামনে রাখা ২টি মাইক্রোবাস ও সুরমা টাওয়ারের নিচে ৫টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
সন্ধ্যা ৬টার দিকে তারা আল-হামরা শপিং সিটিতে আগুন দেয়। তবে ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি হয়নি।
এদিকে, শহীদ মিনারে ভাংচুর ও শহীদ দিবসের ফুলে আগুন দেয়ার প্রতিবাদ জানাতে সন্ধ্যায় শহীদ মিনারে সমবেত হয়েছেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
সিলেট গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা দেবাশীষ দেবু বলেন, “একাত্তরের ঘাতক-দালাল ছাড়া কারও পক্ষেই শহীদ মিনারে এ ধরনের বর্বোরেচিত হামলা করা সম্ভব নয়।”
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে শহীদ মিনারে সমবেত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে ইসলামী দলের ব্যানারে কয়েক হাজার কর্মী নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে শহীদ মিনারে গিয়ে হামলা চালায়।
এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ। এ সময় কয়েকজন সাংবাদিকও আহত হন।
একই সময়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।
পুলিশ বলছে, ব্লগে কথিত ধর্ম অবমাননার প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে শুক্রবার কর্মসূচি পালনের কথা থাকলেও তাদের ব্যবহার করে আসলে জামায়াতে ইসলামীই সারা দেশে এই সহিংসতা চালিয়েছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌনে ৩টার দিকে মিছিলকারীরা শহীদ মিনারে ঢুকে পড়ে এবং ২১শে ফেব্রুয়ারির দিন দেয়া ফুলে আগুন ধরিয়ে দেয়।
এক পর্যায়ে তারা সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংকে আগুন দেয়; শহীদ মিনরের সীমানা প্রাচীর, মুজিব-জাহান ব্লাড ব্যাংক ও বিএমএ ভবনে ভাংচুর করে।
পরে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় ৫৬ জনকে আটক করা হয়েছে বলে সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান।
