‘আন্দোলন মানুষের আরো কাছাকাছি গেল’
নতুন কর্মসূচিতে ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ যোগ দেয়া অনেকেই।
তবে আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে শাহবাগকেই একবাক্যে মেনে নিচ্ছেন তারা।
টানা ১৭ দিন অবস্থানের পর বৃহস্পতিবার শাহবাগে মহাসমাবেশ থেকে নতুন যে কর্মসূচি ঘোষণা করেছে, তাতে ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি আর নেই।
কয়েকদিনে রাজধানীর কয়েকটি স্থানে সমাবেশের কর্মসূচি দেয়া হয়েছে। ঢাকার বাইরেও সমাবেশ হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নতুন কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক ভালো কর্মসূচি হয়েছে। এতে আন্দোলনের বার্তা মানুষের আরো কাছাকাছি পৌঁছবে।”
ফেরদৌসের স্ত্রী শিউলী হোসেনও বলেন, এর চেয়ে ভালো কর্মসূচি হয় না। এখন সব এলাকার মানুষ নিজের চোখে আন্দোলন দেখতে পারবে।
“জনতা বুঝবে শাহবাগে আসলে ১৭ দিন আমরা কী আন্দোলন করেছি এবং কীসের জন্য করেছি।”
তাহলে কি শাহবাগের আন্দোলনের বার্তা সবার কাছে পৌঁছেনি- প্রশ্ন করলে তিনি বলেন, “গেছে। কিন্তু মিরপুর গোলচক্করে সমাবেশ যখন হবে, তখন আশেপাশের অনেকে নিজেদের চোখে এই আন্দোলন দেখতে পারবে। তাদের মনে তখন একটু হলেও চেতনা জাগবে।”
ফেরদৌস দম্পতির মতো অনেকেই নতুন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন।
তবে নতুন কর্মসূচির কথা শুনে মুড়িবিক্রেতা শফিউল্লাকে মনমরা দেখা যায়।
জানতে চাইলে তিনি বলেন, “স্যার এই কয়ডা দিন কত যে ভাল বেচা-কেনা করছি, আপনারে বুঝাইতে পারুম না। মুড়ি বিক্রি নিয়ে কোনো টেনশন ছিল না। সন্ধ্যার আগেই মুড়ি শেষ হয়ে যেত। তখন বসে বসে গান আর স্লোগান শুনতাম।”
আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের অবস্থান কর্মসূচি। এখন ২৪ ঘণ্টা অবস্থানের কর্মসূচির বদলে সকাল থেকে রাত পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ ও বিকালে প্রতিবাদদী গান চলবে প্রজন্ম চত্বরে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে সমাবেশ চলবে।
