শাহবাগের কর্মসূচিতে সংহতি চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের
শাহবাগের ‘গণজাগরণ মঞ্চ’ থেকে ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে কর্মসূচি ঘোষণার পর রাতে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে ১৬দিন ধরে চলা প্রতিবাদী অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বৃহস্পপতিবার প্রজন্ম চত্বরে লাখো মানুষের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শাহবাগে ১৭ দিনের টানা অবস্থান কর্মসূচির কার্যত সমাপ্তি ঘটল।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুর জন্য আগামী ২৬ মার্চ পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
চট্টগ্রামের গণ জাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান ঘোষণায় বলেন, “শুরু থেকেই শাহবাগের গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মসূচির সাথে আমরা সংহতি ও একাত্মতা জানিয়ে আসছি। একই ভাবে আজ ঢাকা থেকে ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আমার যে নতুন কর্মসূচি ঘোষণা করেছি তা পালন করব।”
তিনি বলেন, শুক্রবার চট্টগ্রামের সব মসজিদ-মন্দির-গীর্জা ও প্যাগোডায় মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০১৩ সালের নতুন প্রজন্মের জাগরণের শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে।
আগামী ১ মার্চ থেকে প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের সমাবেশ চলবে।
পাশাপাশি ভবিষ্যতে সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণার আগের দিন শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ কর্মসূচির সাথে সঙ্গতি রেখে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের সমাবেশ হবে।
এছাড়া শাহবাগ থেকে ঘোষিত অন্যান্য কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চও গণস্বাক্ষর সংগ্রহ, বধ্যভূমিতে সমাবেশসহ সব কর্মসূচি পালনের ঘোষণাও দেয়।
চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের কার্যক্রম প্রতিদিন বিকালে শুরু হলেও বৃহস্পতিবার কর্মসূচি শুরু হয় সকালে।
শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাধারণ মানুষ গণজাগরণ মঞ্চে এসে সমবেত হতে থাকে। সাধারণ মানুষের সাথে বিভিন্ন সংগঠনও সমাবেশে অংশ নেয়। নগরীর চেরাগীর পাহাড় থেকে জামালখান মোড় পর্যন্ত হাজারো মানুষের অংশগ্রহণ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির স্লোগানে মুখর হয়ে ওঠে।
উদীচী, খেলাঘর, বোধন, প্রমা, গণায়নসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কর্মসূচিতে সংগীত, নাটক ও আবৃত্তি পরিবেশন করে।
গত ৫ ফেব্রুয়ারি প্রথম দিন ‘সাম্প্রায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ’ নামের একটি সংগঠন যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায়ের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। পরদিন থেকে তা সাধারণ জনগণের সমাবেশে রূপ নেয়।
