ঝিনাইদহে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের উপর হামলা এবং বই মেলায় অগুন দেয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহেশপুর উপজেলা জামায়াতের অমির আব্দুল হাইয়ের নেতৃত্বে বুধবার রাতে পুলিশের উপর হামলা করে জামায়াত-শিবির কর্মীরা।
এ সময় তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং পালিয়ে যাওয়ার সময় একুশের বই মেলার প্যান্ডেলে আগুন দেয়।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, জামায়াত-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের সময় পুলিশ এগিয়ে গেলে জামায়াত-শিবির নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়।
এতে তিনিসহ ৪ পুলিশ আহত হন বলে জানান আনোয়ার হোসেন।
এ ঘটনায় এস আই আশিকুর রহমান বাদী হয়ে ৪৩ জামায়াত-শিবিরের নাম উল্লেখ করে ৮০ জনের নামে একটি মামলা করেন।
ওসি আরো বলেন, বই মেলায় আগুন দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার স্টেনো আব্দুস সালাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০- ২৫ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছেন।
