২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির মিনার থেকে জনতার ঢল বইমেলায়

স্মৃতির মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের ঢল নেমেছে একুশের বইমেলায়।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 02:37 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এবার একুশে ফেব্রুয়ারি এসেছে নবজাগরণের ঢেউয়ে নতুন আহ্বান নিয়ে। যুদ্ধাপরাধীর ফাঁসি আর জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে স্লোগান উঠছে শহীদ মিনারেও।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে সর্বস্তরের মানুষের ঢল। নারী-পুরুষ, শিশু সবার কণ্ঠে অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’।

সকাল ৬টার পর থেকে স্কুলের পোশাকে প্রভাতফেরিতে দলে দলে আসে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার ঢেউ।

একটি সরকারী প্রতিষ্ঠানে কর্মরত নাজমুল হুসাইন বিদ্যুৎ তার বন্ধুদের নিয়ে মেলায় ঘুরছিলেন। কথা হয় তার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একুশ আমাদের চেতনায়। একুশকে উদযাপন করতে সকালে এসেছি প্রভাতফেরিতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারপরে বেদীতে শ্রদ্ধা জানিয়েছি। এখন একুশের বইমেলায় ঘুরছি। আজ সারাদিন ধরে এখানেই আছি। একুশ বারবার ফিরে আসবে নতুন আলোর পথ ধরে।”

অমর একুশে গ্রন্থমেলায় এসেছেন ষাটোর্দ্ধ রাজিয়া সুলতানা। এর আগে তিনি তার ছেলে, ছেলের বউ আর তিন নাতি-নাতনীকে নিয়ে সকালে প্রভাতফেরিতে অংশ নিয়েছেন। এরপরে বইমেলায় ঘুরতে আসেন।

রাজিয়া সুলতানার পরনে ছিলো সাদা রঙের জামা। তার পরিবারের অন্য সদস্যদের পরনেও শোভা পাচ্ছিল  কালো বা সাদা জামা। অনেকে হাতে, গালে এঁকেছেন আলপনা। কারও কারও মাথায় বাঁধা ছিলো কালো অক্ষরে ‘অমর একুশে’ লেখা সাদা ফিতা।

তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে বসেছিলেন নজরুল মঞ্চের পেছনে বটতলায়।

রাজিয়া সুলতানা বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখেছি। এ প্রজন্মকেও দেখছি। মাঝখানে আছে আমার সন্তানদের প্রজন্ম। এ প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় দেশ নিয়ে অনেক বেশি ভাবে।  এরা শাহবাগের এই আন্দোলন দিয়ে আবারো প্রমাণ করছে তারা দেশের জন্য কতোটা নিবেদিত।”

বৃহস্পতিবার একুশে বইমেলার ফটক খুলে দেওয়া হয় সকাল আটটায়। তবে দোকানিরা জানিয়েছেন, সকাল ১০ টার পর থেকে তাদের বিক্রিবাট্টা শুরু হয়েছে।

জাগৃতি প্রকাশনীর বিক্রয় কর্মী রাজিয়া রহমান জানালেন, বিক্রি মোটামুটি ভালো। সকাল ১০টার পর দর্শনার্থী বাড়ার সাথে সাথে বিক্রিও বাড়তে থাকে।

বিদ্যা প্রকাশে উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক ডা. মোহিত কামাল।

তিনি বলেন, “আজ বিক্রি বেশ ভালো। সকাল থেকে অনেক অটোগ্রাফ দিতে হয়েছে। প্রতিবারই এই দিনটি আমি মেলায় থাকি। সব মিলিয়ে এই দিনটি প্রতিবারের মতই উপভোগ করছি।”

সময় গড়ানোর সাথে সাথে মেলায় ভিড়ও বাড়তে দেখা যায়। বিকেল নাগাদ বাংলা একাডেমীর মেলা প্রাঙ্গণে উপচেপড়া ভিড় ছিল।  প্রথমবারের মতো এদিন দীর্ঘ লাইনে অপেক্ষা করে দর্শনার্থীদের মেলায় ঢুকতে হয়। সন্ধ্যার পরে বাংলা একাডেমীর সামনের রাস্তায়ও তিল ধারণের জায়গাটুকু ছিলো না। অনেকেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে না পেরে মন খারাপ করে ফিরে গেছেন।

সন্ধ্যায় এদিনের মেলা সম্পর্কে শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান বলেন, “একুশের বইমেলা তো শুধু বই কেনাবেচার মেলা নয়। এটি আমাদের প্রাণের মেলা। কোনো বছরই একুশে ফেব্রুয়ারি দিন এ মেলায় বিক্রি ভালো হয় না। তবে এই দিনটি নিয়ে আমি কখনোই হতাশা ব্যক্ত করি না। তবে আজকের [বৃহস্পতিবারের] জনগণের এই ঢেউ আবারো প্রমাণ করেছে, বইমেলার জন্য বাংলা একাডেমীর প্রাঙ্গণ ছোট হয়ে পড়েছে।”

২১ দিনে দুই হাজারের বেশি নতুন বই

বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২১ দিনে মেলায় দুই হাজার ৩৪৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। গতবার মেলায় একই সময়ে প্রকাশিত হয়েছিলো দুই হাজার ৭৯২টি বই। সে হিসেবে গতবারের তুলনায় এবার ৪৪৫টি বই কম প্রকাশিত হয়েছে। এর আগে ২০১১ সালে ২,২৭৩টি, ২০১০ সালে ২,৬৩০টি, ২০০৯ সালে ২,১৯৭টি, ২০০৮ সালে ১,৯৫৫টি, ২০০৭ সালে ১,৪৬৪টি ও ২০০৬ সালে ১,৬৬০টি বই প্রকাশিত হয় বইমেলায়।

এ বছর মেলায় নতুন বইয়ের তালিকায় এখন পর্যন্ত এগিয়ে আছে কবিতার বই (৫৭৫টি)। এছাড়া গল্পগ্রন্থ ৩০৮টি, উপন্যাস ৪২৪টি, প্রবন্ধগ্রন্থ ১৫৯টি, গবেষণাগ্রন্থ ৩২টি, ছড়ার বই ৭৩টি, শিশুসাহিত্য ৮২টি, জীবনী/স্মৃতিচারণ ৭৩টি, রচনাবলী ১টি, ভাষা আন্দোলন/ মুক্তিযুদ্ধ বিষয়ক ৪৭টি, নাটক ১৪টি, গণিত/ বিজ্ঞান বিষয়ক ৪২টি, ভ্রমণকাহিনী ৪১টি, ইতিহাস বিষয়ে ৩২টি, রাজনীতি বিষয়ক ১৬টি, চিকিৎসা/স্বাস্থ্য বিষয়ক ২১টি, কম্পিউটার বিষয়ে ২টি, রম্য/ধাঁধা বিষয়ক ৪৯টি, ধর্ম বিষয়ক ১৭টি, অনুবাদগ্রন্থ ২৭টি, অভিধান ১টি, বৈজ্ঞানিক কল্পকাহিনী ও রহস্যোপন্যাস ১৯টি এবং অন্যান্য বিষয়ের উপর ২৮৭টি বই প্রকাশিত হয়েছে।

১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমী বিক্রয় কেন্দ্রে ৪১,৩৫,৬১০.৬০ টাকার বই বিক্রি হয়।

নজরুল মঞ্চ

বৃহস্পতিবার মেলার ২১তম দিনে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে ১৩ টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন আবদুস সোবাহান সিকদারের ‘দুই পাখি এক বনে’, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান আব্দুর রউফের ‘পর্বতকন্যা’ ও গীতালী হাসানের ‘বিগ ফাইভ আর পাখির দেশের’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

নতুন বই

বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন মেলায় ২২৫টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্পগ্রন্থ ৩৯টি, উপন্যাস ৩৬টি, প্রবন্ধগ্রন্থ ১৫টি, কবিতার বই ৫২টি, গবেষণাগ্রন্থ ৪টি, ছড়ার বই ১০টি, শিশুসাহিত্য ৬টি, জীবনীগ্রন্থ ৬টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ২টি, নাটক ১টি, বিজ্ঞান বিষয়ে ৩টি, ভ্রমণকাহিনী ৪টি, ইতিহাস বিষয়ক ২টি, রাজনীতি বিষয়ে ১টি, চিকিৎসা/স্বাস্থ্য বিষয়ক ৪টি, কম্পিউটার বিষয়ে ১টি, রম্য/ধাঁধা বিষয়ক ৫টি, ধর্ম বিষয়ক ২টি, অনুবাদগ্রন্থ ২টি, অভিধান ১টি এবং অন্যান্য বিষয়ের উপর ২৯টি বই এসেছে।

এর মধ্যে, দন্তস্য রওশনের ‘নোটু মোসা ও লালা’, ইকবাল খন্দকারের ‘রক্তচোষা ভূত’, শুভ্র প্রকাশ এনেছে আনিসুল হকের ‘পাঁচ পরির গল্প’, অক্ষর এনেছে হাসান হাফিজের ‘ইচ্ছে কুঁড়ি স্বপ্ন কুঁড়ি’, অনিন্দ্য প্রকাশ এনেছে মঈনুল আহসান সাবেরের ‘এখন পরিমল’, ভাষাচিত্র নিয়ে এসেছে তানভীর আহমেদ সিডনীর ‘পাঁচটি শ্রুতি নাটক’, রুদ্র আরিফের ‘আন্তোনিওনির সিনে-জগত’, পলল এনেছে অলিউর রহমানের ‘তথ্যের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা’ ও বদরে আলম খানের ‘বিশ্বসাহিত্যে পৌরাণিক গল্প’, বিভাস এনেছে রফিক আজাদের ‘নির্বাচিত ২০০ কবিতা’, জনতা এনেছে সৈয়দ শামসুল হকের ‘শ্রেষ্ঠ গল্প’, মিজান এনেছে আনোয়ার সৈয়দ হকের ‘কলাম-২’, সাতিহ্যপ্রকাশ বের করেছে অপূর্ব শর্মার ‘বীরাঙ্গনা কথা’, করুণাময় গোস্বামীর ‘বাঙালির গান’, নন্দিতা প্রকাশ করেছে নির্মলেন্দু গুণের ‘বাঙালির জন্মদিন ও অন্যান্য’, মুক্তধারা বের করেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘চিত্তরঞ্জন সাহা স্মারকগ্রন্থ’, জাগৃতি প্রকাশ করেছে আহসান হাবীবের ‘ফ্লপ জোকস’, লেখাপ্রকাশ বের করেছে বায়তুল¬াহ কাদেরীর ‘গোধূলির নূড়িশস্য’, পার্ল এনেছে বিপ্রদাশ বড়–য়ার ‘প্রকৃতি সমগ্র-১’, গদ্যপদ্য প্রকাশ করেছে আনোয়ারা সৈয়দ হকের ‘আকাশভরা’, চন্দ্রাবতী একাডেমী এনেছে ফরিদুর রেজা সাগরের ‘লাল বেবিটেক্সি’, মাহবুব তালুকদারের ‘মৃত্যুশয্যায় আমি একা’, শিখা প্রকাশনী বের করেছে মাহমুদুর রহমান মান্নার ‘গণতন্ত্র ও নাগরিক আন্দোলন’, সূচিপত্র প্রকাশ করেছে মাহমুদা চৌধুরীর ‘ছড়ার দেশে থাই ডেলে’।

মূল মঞ্চের আয়োজন

বৃহস্পতিবার সকালে স্বরচিত কবিতা আবৃত্তির আসর দিয়ে শুরু হয় মূল মঞ্চের একুশের আয়োজন। এতে সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে নিশাত জাহান রানার পরিচালনায় একুশের সাড়া জাগানো প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’-এর কবি মাহবুব উল আলম চৌধুরীকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়।

এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ফকির আলমগীর, আবদুল জব্বার, তিমির নন্দী, নমিতা ঘোষ, মহাদেব ঘোষ, শ্রেয়সী রায়, বিমান চন্দ্র বিশ্বাস, আব্দুল হালিম খান ও দীপঙ্কর ম-ল।

বিকেল চারটায় ছিল অমর একুশে বক্তৃতা-২০১৩। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।

অমর একুশে বক্তৃতা প্রদান করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।

‘ভাষা ও ভাষাবোধ’ শীর্ষক অমর একুশে বক্তৃতায় সৈয়দ শামসুল হক বলেন, ভাষার সঙ্গে সঙ্গে চলে আসে ভাষাবোধের আবশ্যিকতা। কারণ, ভাষা যদি প্রকরণিক বিষয় হয়, ভাষাবোধ তবে চেতনাগত বিষয়। যে চেতনা না থাকলে জীবিত ভাষাকেও মৃতবৎ মনে হয়। ৫২-র রক্তস্নাত বাংলা ভাষার দেশ বাংলাদেশে ভাষাবোধ আজ বিপন্নতার মুখোমুখী। কারণ, বিশ্বব্যাপী ভাষা সাম্রাজ্যবাদের দাপটে আমাদের অভিভাবকরা আজ বাংলা ভাষাকে তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ মনে করছেন না।

তিনি বলেন, এর কারণ অবশ্যই রাজনৈতিক। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জাতি হিসেবে আমাদের যে পশ্চাৎগমন শুরু হয়েছিলো তা ভাষাকেও সমানভাবে কলুষিত করেছে। ভাষাবোধ মূলত ইতিহাসবোধ। দেশের ইতিহাস পেছনের দিকে হাটলে ভাষার সাধ্য নেই সামনে হাটবার। কিন্তু এ অবস্থাই শেষ কথা নয়। এবারের মহান ভাষার মাসে শাহবাগের দৃপ্ত তারুণ্য বাংলার ইতিহাসের যে নতুন অভিযাত্রার মোহনা নির্মাণ করেছে, তা আমাদের নতুন করে আশান্বিত করেছে।

সৈয়দ শামসুল হক বলেন, “মুক্তিযুদ্ধের হৃতচেতনা পুনরুদ্ধারের মধ্য দিয়ে ইতিহাসবোধ এবং ভাষাবোধ ফিরিয়ে আনা সম্ভব হবে।”

সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ভাষা ও মানুষ অবিচ্ছিন্ন। ভাষাবোধ গড়ে না উঠলে সুচেতন মানুষ হওয়া সম্ভব নয়। বাংলা ভাষায় চলমান নৈরাজ্য দূরীকরণে এই ভাষাবোধের পুনর্জাগরণ জরুরি।

স্বাগত ভাষণে শামসুজ্জামান খান বলেন, একুশে আমাদের জাতিসত্তার উদ্বোধন-স্মারক। ভাষার  সংগ্রামের মধ্য দিয়ে জাতি ও রাষ্ট্রগঠনের ইতিহাস সমগ্র পৃথিবীতেই বিরল। বাঙালি জাতি এ অনন্য গৌরবের উত্তরাধিকার ধারণ করছে, তাই আমাদের দায়িত্বও অনেক।

শুক্রবারে শেষ শিশুপ্রহর

ওই দিন সকাল ৯টায় অমর একুশে উপলক্ষে শিশু-কিশোরদের চূড়ান্ত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় শুক্রবারের সকালটি বরাদ্দ থাকছে শিশু-কিশোরদের জন্য। বেলা একটা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।

বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্বামী বিবেকানন্দ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ আবুল মকসুদ। আলোচনায় অংশ নেবেন আমিনুল ইসলাম, নিরঞ্জন অধিকারী এবং নুরুল করিম নাসিম। সভাপতিত্ব করবেন অধ্যাপক অজয় রায়।

সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।