জাতীয় পতাকা যথাযথ না হওয়ায় জরিমানা
মহান ভাষা শহীদ দিবসে উত্তোলন করা জাতীয় পতাকা যথাযথ না থাকায় ফরিদপুরে ২৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা সদরের বাজারে ওই ব্যবসায়ীদের প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ওই ২৮ ব্যবসায়ী যে পতাকা উত্তোলন করেছিলেন তা যথাযথ ছিল না।
তিনি বলেন, জাতীয় পতাকা বিধির ৪-এর (ক) ধারা লঙ্ঘন করার দায়ে ওই ব্যবসায়ীদের প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা অনুযায়ী ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে।
লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধের হবে।
