২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশে ছুরি মেরে চাচাকে খুন

সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালিশ চলাকালে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 11:42 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বৃহস্পতিবার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খান্ত বেপারী (৪২) আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মৃত কালা মিয়া বেপারীর ছেলে। তার ভাতিজা হযরত আলী ঘটনার পর থেকে পলাতক।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সকাল ৮টায় খান্ত ব্যাপারী ও তার বড় ভাই কাশী বেপারী এলাকার লোকদের নিয়ে সালিশে বসেন।

“একপর্যায়ে ছোট ভাইয়ের কথায় ক্ষিপ্ত হয়ে কাশী বেপারী তার ছেলে হযরত আলীকে সালিশে ডেকে নিয়ে আসেন। সালিশ চলাকালে হযরত আলী উত্তেজিত হয়ে চাচা খান্ত বেপারীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

ঘটনার পর থেকে হযরত আলী ও তার বাবা কাশী বেপারী পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান এসআই।

তিনি আরো জানান, এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।