যুক্তরাষ্ট্রে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন স্থানে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা, যেখানে উঠে এসেছে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে, কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে ১২টি অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে অনেক সংগঠন।
রাজাকার এবং ঘাতকমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাস থেকে সর্বাত্মক সহায়তার অঙ্গিকার করা হয়।
এর আগে ভাষা দিবসের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেশ কয়েক জায়গায় বায়ান্নের ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ ইত্যাদির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংহতি জানানো হয় শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণের সংঙ্গে। অনেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ডও বহন করেন।
জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগেও শহীদ দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া, নিউ জার্সি, বস্টন, কানেটিকাট, আটলান্টিক সিটি, পেনসিলভেনিয়া, মিশিগান, শিকাগো, লসএঞ্জেলেস, টেক্সাস, রোড আইল্যান্ড, ওহাইয়ো, মিনেসোটা, ক্যানসাস, আরিজোনা, সিয়াটল প্রভৃতি স্থানেও মাতৃভাষা উদযাপিত হবার সংবাদ এসেছে।
