২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় শহীদ মিনার ভাংচুর, বাড়িঘরে হামলা

একুশের প্রথম প্রহরে নেত্রকোনা শহরে একটি অস্থায়ী শহীদ মিনারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 07:55 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

পুলিশ বলছে, একুশের প্রথম প্রহরে শহরের পৌর এলাকার পূর্ব মঈনপুর এলাকায় একদল ‘নেশাগ্রস্ত’ যুবক এ হামলা চালায়। এ সময় তারা আশপাশের আন্তত ১০টি বাড়িঘর ও দোকানপাটও ভাংচুর করে।

হামলায় দুই ব্যক্তি আহত হন, পুলিশ সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করেছে।

স্থানীয় কাউন্সিলর আলেয়া সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য পূর্ব মঈনপুর এলাকায় কাঠ ও কাপড় দিয়ে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে এলাকার লোকজন। রাত ১২টার দিকে ১৫-২০ জন যুবক সেখানে এসে ‘মাতলামি’ শুরু করে।

স্থানীয়রা তাদের নিষেধ করলে যুবকরা হুমকি দিয়ে চলে যায়। আধ ঘণ্টা পর তারা আরো ৪০-৫০ জন সঙ্গী নিয়ে ফিরে এসে অস্থায়ী শহীদ মিনারটি ভেঙে দেয়।

এ সময় যুবকরা স্থানীয় খায়রুল ইসলামের দোকান এবং এরশাদ হোসেন, সৈয়দ হোসেন, মিরাজ আলী, সাইফুল ইসলামসহ অন্তত ১০ জনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।

যুবকদের রামদার কোপে সাইফুল ইসলাম (৩৫) ও রানা (১৮) নামে দুই যুবক আহত হন। তাদের নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, ভাংচুরের ঘটনায় তদন্ত চলছে। শহরের পূর্ব চকপাড়া এলাকার সুমন (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা করারও প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার জানান, সাইফুল ও রানার মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে।