২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস উল্টে নিহত ৫

বরিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবরে মারা গেছেন এক বাবা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2013, 06:47 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ভোলা সড়কের দুর্গাপুর বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই স্থানীয় জনতা কয়েকটি বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- মেজর (২২), মনির (২৩), জলিল (৩৫), হরুন অর রশিদ (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে তার আনুমানিক বয়স ৫৫ বছর।

মহানগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার জানান, সড়কের লাহাড়হাট থেকে ইমরানিয়া পরিবহনের একটি বাস সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট যাওয়ার পথে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ১৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনার পর ইমরানিয়া পরিবহনের সেই বাসটির সঙ্গে পপুলার পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে জনতা।

এদিকে দুর্ঘটনায় কলেজ ছাত্র মেজর নিহত হওয়ার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা বাবা আনোয়ার মৃধা।

এসআই কমলেশ জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।