যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির ধ্বনি চট্টগ্রামেও
রাজধানীর মতো চট্টগ্রামেও একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সবার কণ্ঠে ছিল যুদ্ধাপরাধীর ফাঁসি দাবির স্লোগান।
বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিউগলের সুরের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন।
মন্ত্রীর সঙ্গে নগর আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন।
এরপর একে একে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি ও এম এ লতিফ।
পরে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান।
এরপর শ্রদ্ধা জানায় চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব।
এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ উন্মুক্ত হয়ে যায় সর্বস্তরের মানুষের জন্য। নানা বয়সি হাজারো মানুষের পদভাবে মুখর হয়ে ওঠে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা।
ভাষা শহীদদের সম্মান জানানোর পাশাপাশি তারা সবাই যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দেন।
নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠন ফুল দেয় শহীদ মিনারে।
এছাড়া ট্রেড ইউনিয়ন কেন্দ্র, হোটেল শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নগরীর বিভিন্ন পাড়া মহল্লার সংগঠন প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, একুশে ফেব্রুয়ারির দিন বিকাল ৩টার পরিবর্তে সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু করবেন তারা।
