লোহাগড়ার ইটভাটা ও করাতকল বন্ধে রায়
চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বনের ভিতরে ও আশেপাশে অবস্থিত ২২টি ইটভাটা ও ২০টি করাত কল বন্ধের রায় দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এই রায় দেন।
রায়ে এসব ইটভাটা ও কল সরিয়ে নিতে মালিকদেরকে ১ মাস সময় দেয়া হয়। এ সময়ের মধ্যে তারা না সরালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আদালত এ বিষয়ে রুল দেয়। পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ওইসব ইটভাটা ও মিল বন্ধ রাখতে বলে আদালত।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন বেলার আইনজীবী ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
পরে ইকবাল কবির লিটন সাংবাদিকদের বলেন, ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) সংশোধন আইন-২০০১ অনুসারে কোন বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা ও ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। চট্টগ্রামের এই ইটভাটা ও করাতকলগুলো ওই সীমানার মধ্যে অবস্থিত।
তাই এগুলো বন্ধের রায় দিয়েছে আদালত।
