২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি ‘প্রতিষ্ঠাতা’র মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম প্রতিষ্ঠাতা মো. সালাউদ্দিন ওরফে সালেহীনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মৃত্যুদণ্ড কার্যকর অনুমোদনের শুনানি শেষে বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ এই রায় দেন।

এর আগে হাই কোর্টের একই বেঞ্চ গত ১৫ জানুয়ারি অন্য একটি হত্যা মামলায় আসামি সালেহীনের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলো।

২০০৭ সালের ২০ অগাস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪’র বিচারক ও ঢাকার তত্কালীন জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন কারাগারে আটক এই জেএমবি নেতা মো. সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজিবকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ে আদালত অপর দুই আসামিকে খালাস দিয়েছিলো।

আদালতের রায়ে মৃত্যুদণ্ড হলেও এর বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেননি সালেহীন। বরং তিনি দেশের প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। পরে আইন অনুসারে আসামির মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের জন্য মামলাটি হাই কোর্টে আসে। বুধবারের এই রায়ের মাধ্যমে সেই দণ্ডে সম্মতি দিল উচ্চ আদালত।

জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সানা কৈর গ্রামে হৃদয় রায় নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয় সালেহীনকে। হৃদয় রায়ের বাড়ি বরিশালের গৌরনদীতে। একটি অভিনয় দলের এই সদস্য ওই এলাকায় ভাড়া থাকতেন। হৃদয় ও তার দলের সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে অভিনয় করে যিশু খ্রিস্টের জীবনকাহিনী তুলে ধরতেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন খিস্টান ধর্মাবলম্বী।

২০০৩ সালের ২৪ এপ্রিল রাত একটার দিকে নিজের ভাড়া বাসায় খুন হন হৃদয় রায়। ওইদিনই হৃদয়ের বাড়ির মালিক তাহেরা আক্তার সরিষাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সালেহীনসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়, যাদের দুইজন বিচারিক আদালত থেকে খালাস পায়।

২০০৬ সালের ২৫ এপ্রিল চট্টগ্রামের কর্নেলহাট এলাকা থেকে গ্রেপ্তার হন আসামি সালেহীন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। নিম্ন আদালতে বিচার চলাকালে তিনি তার সব অপরাধ স্বীকার করেন। নাম বলেন হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত অপর দু্ই সহযোগীরও। তবে তাদের ঠিকানা গোপন রাখেন। যা আজ পর্যন্ত পুলিশও খুঁজে পায়নি।

মামলার অভিযোগপত্রে পুলিশ এ বিষয়টি উল্লেখ করে বলেছে, পরবর্তীতে ওই দুই আসামি হামজা ও ওসমানের পরিচয় জানা গেলে তাদেরকেও এই মামলার আসামির তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালেহীন বলেন, ‘আমরা ১৯৯৯ সালে বেনামে বাসাবোর কদমতলায় একটি সংগঠন প্রতিষ্ঠা করি। শায়খ আব্দুর রহমান, আমি, হাফেজ মাসুদ, শাহেদ ও রানা প্রথম মজলিসে শুরার সদস্য হই। পরে শাহেদ ও রানা দল ত্যাগ করলে সেখানে অন্য দুইজনকে নিয়োগ দেয়া হয়। ২০০১ সালে এই সংগঠনটি কাঠামো দিয়ে নাম রাখা হয় ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ’।

ছাতজীবনে তিনি শিবির করতেন বলে জবানবন্দিতে জানান।

সালেহীন আরো বলেন, ‘২০০১ সালের পর কাজের সুবিধার্থে সারা দেশকে আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। আমি দায়িত্ব পাই ঢাকার উত্তর অঞ্চল তথা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জের। পরে ২০০২ সালে সিলেটের দায়িত্বও আমাকে দেয়া হয়।’

তিনি বলেন, ‘এ সময় আমরা হৃদয় রায় সম্পর্কে জানতে পারি, যিনি অভিনয়ের মাধ্যমে খীস্টান ধর্ম প্র্রচার করছিলেন। এ কারণে শায়খ আব্দুর রহমানের নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়ে তাকে হত্যা করি।’

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও সহকারি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী।

মো. আমিনুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই হত্যাকাণ্ডটি সুপরিকল্পিতভাবে হয়। পরিকল্পনা অনুসারে খ্রিস্টান ধর্মের প্রতি আগ্রহ দেখিয়ে জেএমবি সদস্য হামজা বন্ধুত্ব করে হৃদয় রায়ের সঙ্গে। এক পর্যায়ে হামজাও ওই অভিনয় দলে যেতে শুরু করে। ঘটনার রাতে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের আব্দুল বারেকের বাড়িতে তারা একত্রে অভিনয় করতে যায়। সেখান থেকে ফিরে একত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরে হামজা রাতে সহযোগীদের জন্য দরজা খুলে দিলে তারা এসে খুন করে হৃদয় রায়কে।

২০০১ সালে দিনাজপুরের পার্বতীপুরে বোমা ও অন্য সরঞ্জামাদিসহ কিছু সদস্য গ্রেপ্তার হওয়ার পর প্রকাশ্য আলোচনায় আসে জেএমবি। এরপর একে একে নানা অঘটন ঘটাতে থাকে তারা। ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় জেএমবিকে নিয়ে তোলপাড় শুরু হয় রাজনৈতিক অঙ্গনে।

সে সময় ক্ষমতাসীন বিএনপি সরকারের কয়েকজন এমপি-মন্ত্রীর বিরুদ্ধে এই জঙ্গী সংগঠনকে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ উঠে। এরমধ্যেও প্রথম দিকে ক্ষমতাসীনরা এই সংগঠনের অস্তিত্বই অস্বীকার করে।

পরিস্থিতি খারাপ হয়ে উঠলে পরে অবশ্য সরকার তাদেরকে নিষিদ্ধ করতে বাধ্য হয়। ঝালকাঠির এক বিচারক হত্যা মামলায় দণ্ডিত ৬ জেএমবি নেতার ফাঁসি ২০০৭ সালের ৩০ মার্চ কার্যকর হয়। যাদের মধ্যে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সামরিক শাখার প্রধান সিদ্দিকুর রহমান বাংলা ভাইও রয়েছেন।

এরপর সংগঠনটির কার্যক্রম স্তিমিত হয়ে আসলেও একেবারে শেষ হয়ে যায়নি। এরমধ্যে গত বছর এলিট ফোর্স র‌্যাব দাবি করে, জেএমবি ফিরে এসেছে।

বিভিন্ন সময় তাদের দলের বিভিন্ন সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়ছেন।