২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক দেশ গড়তে সম্মিলিত প্রয়াসের আহ্বান

অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার একুশে পদক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে ১২ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত জ্ঞানভিত্তিক সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ভাষার অধিকার রক্ষায় বাহান্নোর আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “একুশের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একুশের শত্রুদের মোকাবেলা করতে সমাজের সব স্তরে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা প্রয়োজন।”

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতির বিষয়টিও তুলে ধরেন শেখ হাসিনা।  

তিনি বলেন, “বাংলাদেশের বাইরে বর্তমানে বিশ্বের ১৯৩ দেশে অমর একুশের বার্তা ও সুর পৌঁছে গেছে। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী বিভিন্ন জাতির ভাষার অধিকার আদায়ের দিবস হিসেবে পালিত হচ্ছে।”

এই বছর একুশে পদকজয়ীরা হলেন- ভাষা আন্দোলনের জন্য এম এ ওয়াদুদ (মরণোত্তর), অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর), অধ্যক্ষ এম কামরুজ্জামান (মরণোত্তর) ও তোফাজ্জল হোসেন।

Image
কবি আসাদ চৌধুরীকে একুশে পদক দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কবি আসাদ চৌধুরীকে একুশে পদক দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা ও সাহিত্যে পদক পেয়েছেন কবি আসাদ চৌধুরী ও রফিক আজাদ।

শিল্প সংস্কৃতিতে পদক বিজয়ীরা হলেন- চারণ কবি বিজয় সরকার (মরণোত্তর), সঙ্গীতশিল্পী কাদেরী কিবরিয়া, অভিনয়শিল্পী জামাল উদ্দিন হোসেন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মুস্তফা শহীদ এবার একুশে পদক পেয়েছেন।

সমাজ সেবায় অবদানের জন্য পদক পেয়েছেন নূরজাহান মুর্শিদ (মরণোত্তর) ও স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর)।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এবার পদক পেয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া।