চালু হলো আর্টিকুলেটেড বাস
ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো আর্টিকুলেটেড বাস সার্ভিস।
বুধবার সকালে ফার্মগেটে আর্টিকুলেটেড বাস সার্ভিসের উদ্বোধন করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ঢাকা মহানগরীতে যাত্রী সাধারণের পরিবহন সংকট দূরীকরণে এ বাস সেবা কিছুটা হলেও ভূমিকা রাখবে।”
নতুন এই বাসগুলো জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকা বাইপাস, জাতীয় বিশ্ববিদ্যালয়, টঙ্গী, আবদুল্লাহপুর, উত্তরা, হাজীক্যাম্প, আর্মি স্টেডিয়াম, কাকলী, বিজয় সরণী, ফার্মগেট, শাহবাগ, মৎসভবন, প্রেসক্লাব হয়ে জিরো পয়েন্ট রুটে চলবে।
মন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে প্রাথমিকভাবে আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু হলেও তা পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে চালু হবে।
যোগাযোগমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১০টি আর্টিকুলেটেড বাস এসেছে, ২০টি আসার অপেক্ষায় আছে, বাকি ২০টি বাস আগামী এপ্রিলে এসে পৌঁছাবে।
ভারতের অশোক লেল্যান্ডের বানানো এই আর্টিকুলেটেড বাসগুলো ১৬ মিটার দীর্ঘ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্নেল আবদুল্লাহ হেল করিম, সড়ক বিভাগের যুগ্মসচিব মঈনউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
