হল-মার্কের সম্পত্তির হিসাব চেয়েছে হাই কোর্ট
হল-মার্ক গ্রুপের সব স্থাবর ও অস্থাবর সস্পত্তির তালিকা চেয়েছে হাই কোর্ট।
দুর্নীতি দমন কমিশনের পক্ষে আনিসুল হক ও মো. খুরশীদ আলম খান, হল-মার্কের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এবং আবেদনকারীর পক্ষে ড. ইউনুস আলী আকন্দ আদালতে শুনানি করেন।
পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২০ এপ্রিলের মধ্যে হল-মার্কের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা জমা দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে সম্পত্তি দান বিক্রি বা মালিকানায় কোনো পরিবর্তন করা যাবে না।
সোনালী ব্যাংক লিমিটেড ও দুর্নীতি দমন কমিশনসহ এ মামলার অন্য বিবাদীদের এই প্রতিবেদন আদালতে দিতে হবে বলে খুরশীদ আলম খান জানান।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং তার স্বামী হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহা ব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা তাদের কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অঙ্গীকারের শর্তে গত ৭ ফেব্রুয়ারি ওই ১১ মামলায় জেসমিনকে জামিন দেয় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
ওই আদেশের বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে এই রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
এ বিষয়ে প্রাথমিক শুনানি করে জামিনের আদেশ দানকারী বিচারক মো. জহুরুল হককে তলব করে হাইকোর্ট। জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন,সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। তার তার জামিন কেন বাতিল করা হবে না,তা জানতে চেয়ে একটি রুল জারি করে হাই কোর্ট বেঞ্চ।
এই প্রেক্ষাপটে ১৭ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতেই আবার জেসমিনের জামিন বাতিল করা হয়।
জজ আদালতের নির্দেশে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিনে চান হল-মার্ক চেয়ারম্যান। কিন্তু আদালত ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।
বুধবার ওই রুলের শুনানিতেই হল-মার্কের সস্পত্তির তালিকা চাইল হাই কোর্ট।
