সাংবাদিক সুমন মাহবুব আক্রান্ত
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সুমন মাহবুব।
সুমন মাহবুব
জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে একটি অনলাইন জরিপ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বিভিন্নভাবে হুমকি আসার দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেদক সুমন মাহবুব সংসদের খবরও নিয়মিত সংগ্রহ করেন।
তিনি বলেন, “একটা গাড়ি পেছন থেকে আসছে বুঝতে পেরে আমি মোটরসাইকেলের গতি কমিয়ে রাস্তার বাঁ পাশে সরে যাই। কিন্তু গাড়িটিও গতি কমিয়ে পেছন থেকে আমার মোটারসাইকেল ধাক্কা দিলে আমি ছিটকে পড়ি।”
৩৯ বছর বয়সী এই সাংবাদিক মনে করছেন, বিষয়টি পুরোপুরি পরিকল্পিত।
“আমি দীর্ঘদিন ধরে মোটারসাইকেল চালাই। প্রতিদিনই আমাকে এ দিক দিয়ে উত্তরার বাসায় যওয়া আসা করতে হয় বলে রাস্তা সম্পর্কেও খুব ভাল ধারণা আমার আছে। ঘটনাটা যেভাবে ঘটেছে, তা মোটেও দুর্ঘটনা নয়।”
এ বিষয়ে থানায় অভিযোগ জানানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
শাহবাগে গত ৫ ফেব্রুয়ারি আন্দোলন শুরুর পর অন্য সাংবাদিকদের মতো পেশাগত প্রয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমনকেও প্রায় প্রতিদিনই সেখানে যাওয়া আসা করতে হয়েছে। সুতরাং কেউ চাইলেই তার গতিবিধির ওপর নজর রাখতে পারে বলে মনে করেন তিনি।
সুমনের বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছেন। এই দলটি একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মানবতাবিরোধী অপরাধ চালিয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়েও উঠে এসেছে।
ট্রাইব্যুনালে জামায়াতের তিন শীর্ষ নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা নতুন করে শুরুর আবেদনের বিরোধিতা করে প্রসিকিউশনের পক্ষে শুনানিতেও অংশ নিয়েছিলেন সুমনের বাবা।
একটি জনমত জরিপে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে পাঠকের জোরালো মত আসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেও বিভিন্নভাবে হুমকি দেয়া হয়।
গত রোববারের নিয়মিত জরিপে পাঠকের কাছে জানতে চাওয়া হয়েছিল- ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারাদেশে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত?’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাংলা হোমপেইজে এই জরিপে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশই প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। আর ইংরেজি হোমপেইজের মাধ্যমে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৫ শতাংশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন দিয়েছেন।
পাঠকের ওই জরিপ চলাকালে এবং পরদিন বেশ কয়েক দফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা কক্ষে বিভিন্ন নামে টেলিফোন করে হুমকি দেয়া হয়। হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিভিন্ন ই-মেইল ঠিকানায়।
ওই জরিপে কারচুপির অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর দলীয় ওয়েবসাইটেও আক্রমণাত্মক ভাষায় লেখা এসেছে। দলটির ওই বক্তব্য পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র।
তিনি জানান, হুমকির বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
